এতিমখানা ভাঙা শুভ লক্ষণ নয় : জাতীয় তাফসীর পরিষদ
পাথেয় রিপোর্ট : জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মহাসচিব হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, যুগ্ম মহাসচিব মুফতী বাকিবিল্লাহ ও মুফতী ওমর ফারুক যুক্তিবাদী এক যৌথ বিবৃতিতে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া বায়তুল আমান মিনার মসজিদের বোর্ডিং (রান্নাঘর) উচ্ছেদ করে পার্ক বানানোর ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন।
সোমবার এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একটি পুরোনো মাদরাসার ঘর ভেঙ্গে দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন অত্যন্ত খারাপ দৃষ্টান্ত স্থাপন করলো। মাদরাসা রাসূল সা. এর ঘর। এ ঘর ভেঙ্গে ইলমেদীন চর্চাকে বাধাগ্রস্ত করা হয়েছে।
প্রকৃত মানুষ গড়ার কারখানা মাদরাসার জন্য বিকল্প একটি জায়গার ব্যবস্থা না করে এভাবে একটি পুরোনো মাদরাসা গুড়িয়ে দিয়ে পার্ক বানানোর ধৃষ্টতা কোনভাবেই মেনে নেয়া যায় না।
আলেমগণ বলেন, অনেক মানুষ সরকারি জায়গা দখল করে মার্কেট বানিয়ে ভোগ করছে। কিন্তু সে সকল জায়গা না ভেঙ্গে মাদরাসার ঘর ভেঙ্গে দিয়ে চরম ইসলামবিদ্বেষের পরিচয় দেয়া হয়েছে। কোন নোটিশ ছাড়াই হঠাৎ করে অভিযান চালিয়ে রান্নাঘরটি ভাঙা হয়েছে। ওই ঘরটি প্রায় ৬০০ ছাত্রের রান্নার কাজে ব্যবহৃত হতো।
জানা গেছে ওই জায়গা নাকি পূর্ত মন্ত্রণালয়ের জায়গা। তাহলো আরো বড় অন্যায় করেছে উত্তর সিটি করপোরেশন মেয়র। অবিলম্বে মাদরাসা ভাঙ্গার সাথে জড়িতেদের বিচারের আওতায় আনতে হবে এবং বিকল্প মাদরাসার ঘর বানিয়ে দিতে হবে।


