চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় রেখা খাতুন নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে। রোববার সন্ধ্যায় উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেখা খাতুন (১৬) ওই গ্রামের দিনমজুর নূরুজ্জামান ওরফে জাম্বুর মেয়ে। সে পাটুলীপাড়া হাইস্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় (বাণিজ্য বিভাগ) অংশ নিয়েছিল।
এলাকাবাসী জানান, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর অকৃতকার্য (ফেল) হওয়ার খবর শুনে রোববার সন্ধ্যায় বাড়ির সবার অগোচরে ইঁদুর মারা গ্যাস পান করে রেখা। কিছুক্ষণ পর সে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. হেদায়েতুল্লাহ বলেন, পরিবারটি অতিদরিদ্র। অনেক কষ্ট করে তার বাবা মেয়েকে লেখাপড়া করাতেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
ভাঙ্গুড়া থানার ওসি শেখ শাহিন কামাল বলেন, খবর পেয়ে রাতেই তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ না থাকায় সুরতহাল শেষে রেখা খাতুনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


