এ বছর নাগরিকদের হজপালনে মালয়েশিয়ার নিষেধাজ্ঞা

এ বছর নাগরিকদের হজপালনে মালয়েশিয়ার নিষেধাজ্ঞা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবসহ বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি পরিস্থিতির কারণে এ বছর নাগরিকদের হজ পালনে নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া। এর আগে এমন পদক্ষেপ নিয়েছে আরেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া।

বৃহস্পতিবার (১১ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক প্রেস ব্রিফিংয়ে মালয়েশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল-বাকরি এ ঘোষণা দেন।

করোনার সংক্রমণের আশঙ্কা ও চিকিৎসায় টিকা না থাকার কারণে মালয়েশিয়ার নাগরিকদের এ বছর হজ পালনে নিষেধাজ্ঞা জারির কথা জানিয়ে দেশটির ধর্মমন্ত্রী বলেন, আমি আশা করি হজে যেতে আগ্রহীরা ধৈর্য ধারণ করবেন ও সরকারের এ সিদ্ধান্ত মেনে নেবেন।

প্রতিবছর মালয়েশিয়া থেকে কয়েক হাজার মানুষ হজ পালন করতে যান সৌদি আরব। এ বছর ৩১ হাজার ৬০০ মালয়েশীয় নাগরিকের হজ যাত্রা করার কথা ছিল। করোনা পরিস্থিতির কারণে সৌদি আরব হজ ও উমরাহ পালন স্থগিত করেছে। তবে সম্প্রতি কিছু বিধিনিষেধ শিথিল করেছে সৌদি কর্তৃপক্ষ।

পৃথক এক বিবৃতিতে দেশটির তাবুং হজ বোর্ড জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে এ বছরের জন্য নির্বাচিত ৩১ হাজার ৬০০ মানুষের হজযাত্রা বাতিল হতে পারে।

মালয়েশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩৬৯ এবং মৃত্যু হয়েছে ১১৮ জনের।

এর আগে গত সপ্তাহে বিশ্বের সবচেয়ে মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া এ বছর নিজ দেশের নাগরিকদের হজযাত্রা বাতিল করে। এতে করে ২ লাখ ২১ হাজার মানুষের হজযাত্রা বাতিল হয়।

এদিকে বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে এ বছর আদৌ হজ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে ব্যাপক সংশয় দেখা দিয়েছে। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত সৌদি আরব নিশ্চিত করে কিছু জানায়নি।

সূত্র: রয়টার্স

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *