ঐক্যফ্রন্টে বঙ্গবীর, ড.কামালের শ্রেষ্ঠ উপহার

ঐক্যফ্রন্টে বঙ্গবীর, ড.কামালের শ্রেষ্ঠ উপহার

পাথয়ে টোয়েন্টিফোর ডটকম : জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ। বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন এ দলটি আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ড.কামালের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে। আনুষ্ঠানিকভাবেই ঐক্যফ্রন্টে যোগ দিয়েছে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক-শ্রমিক-জনতা লীগ।

সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দলের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এ ঘোষণা দেন।

এর মাধ্যমেই অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করলেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী। জানা গেল, ‘রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই’ বলে যে প্রবাদ আছে ঠিক তেমনই কখন যে কি ঘটবে তাও বলা মুশকিল!

জাতীয় ঐক্যফ্রন্টে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়ার পরপরই তিনি ছুটে যান ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে। এ সময় বঙ্গবীরকে কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরে ড. কামাল হোসেন বলেন, আমার জীবনের শ্রেষ্ঠ উপহার এটি। আপনি (বঙ্গবীর) বারবার ঝুঁকি নিয়েছেন দেশ রক্ষায়। আপনাকে সঙ্গে পেয়ে আমার কোনো চিন্তা নেই। আমি এখন অবসরে গেলে চিন্তা নেই।

ড. কামাল হোসেন আরও বলেন, কাদের সিদ্দিকী শুধু মুক্তিযুদ্ধ করেনি। ঝুঁকি নিয়ে দেশ স্বাধীন করেছেন। আবার তিনি বঙ্গবন্ধুর হত্যার পর আরও বড় ঝুঁকি নেন।

তিনি বলেন, বঙ্গবীর বারবার জীবনের ঝুঁকি নিয়েছেন। এ ধরনের ঝুঁকি নেয়ার পরও তিনি (বঙ্গবীর) এখনও আমাদের মধ্যে আছেন-এটা বিরাট সৌভাগ্যের ব্যাপার।

ড. কামাল হোসেন বলেন, সেদিন বঙ্গবন্ধুর হত্যার পর সবাই ভেবেছিল আমরা দমে গেছি। আর সামনের দিকে যেতে পারব না। কিন্তু তিনি প্রতিরোধ করে দেখিয়ে দিয়েছেন বঙ্গবন্ধুর প্রতিবাদেও বাংলাদেশ গর্জে উঠতে পারে। এখন বঙ্গবীরের যোগদানের মধ্য দিয়ে আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি।

এদিকে ঐক্যফ্রন্টে যোগ দেবার পর কাদের সিদ্দিকী বলেন, দেশের মানুষ ভোটাধিকার নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু ও অংশীদারিত্বমূলক নির্বাচনের জন্য আজকে আমাদের এ সিদ্ধান্ত। এ সময় আজকের দিনটিকে তিনি তার জীবনের শ্রেষ্ঠ একটি দিন বলে মন্তব্য করেন এবং ড. কামাল হোসেন, আ স ম আবদুর রব, সুলতান মোহাম্মদ মনসুরদের মতো মুক্তিযোদ্ধা পাশে থাকলে এ লড়াইয়ে কেউ হারাতে পারবে না বলে দৃঢ়চিত্তে মন্তব্য করেন তিনি।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, একাত্তর সালে ইয়াহিয়া খানের মতোই আজকের যারা স্বৈরাচার তাদেরও আমাদের কাছে আত্মসমর্পণ করতে হবে। তিনি বলেন, ‘এখন সংযত ভাষায় কথা বলতে শুরু করেছে সরকার। আমরা এটিই চেয়েছিলাম। দেশের মানুষ আজ মুক্তি চায়। আমরা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। এ লক্ষ্যেই আমি ড. কামাল হোসেনের নেতৃত্বে একাত্মতা ঘোষণা করলাম। আমি এ মুহূর্ত থেকে ঐক্যফ্রন্টের অংশ।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *