কওমি মাদরাসায় ছদ্মনামে বাতিল অনুপ্রবেশ করছে, সাবধান হোন : আল্লামা মাসঊদ

কওমি মাদরাসায় ছদ্মনামে বাতিল অনুপ্রবেশ করছে, সাবধান হোন : আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কওমি মাদরাসাগুলোতে বাতিলের অনুপ্রবেশের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দীনী মাদরাসা শিক্ষাবোর্ড ও বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাদ এশা জামিআ ইকরা মিলনায়তনে ফুযালাদের উদ্দেশ্যে এক বিশেষ বয়ানে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এ আহ্বান জানান।

দীর্ঘ দিন পর ফুজালাদের দেখা পেয়ে শাইখুল ইসলাম আবেগাপ্লুত হয়ে বলেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আবারও তোমাদেরকে দেখতে পেলাম। এজন্য আজকে আমি খুবই আনন্দিত। তোমরা জানো আমার স্বাস্থ্যের অবস্থা ভাল নয়। আমার জন্য দোয়া করবে, আমি যেন তোমাদের মাঝে আরও কিছুদিন সুস্থ অবস্থায় কাটাতে পারি।

ছাত্র উস্তাযের সম্পর্কের ব্যাপারে আল্লামা মাসঊদ বলেন, দুনিয়াতে কোনো সম্পর্কই নির্মল নয়। একমাত্র ছাত্র-উস্তাযের সম্পর্ক নির্মল-নির্ভেজাল। এ সম্পর্কের মাঝে কোনো স্বার্থ নেই। এ সম্পর্ক কেবল দুনিয়াতেই শেষ হয়ে যাবে না, আখিরাতেও এই সম্পর্ক স্থায়ী হবে।

কওমি মাদরাসায় বাতিলের অনুপ্রবেশের বিষয়ে আল্লামা মাসঊদ বলেন, আগে কওমি মাদরাসায় বাতিলের অনুপ্রবেশ করার শক্তি ও সাহস কোনোটাই ছিল না। ইদানিং বাতিল শক্তি বিভিন্ন কলাকৌশলে কওমি মাদরাসায় ঢোকার অপচেষ্টা চালাচ্ছে। এক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তাদের ফিতনা মোকাবেলায় সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে।

হিকমাহ অবলম্বন করে দীনের কাজ করার আহ্বান জানিয়ে শাইখুল ইসলাম বলেন, বর্তমান সমাজে হিকমাহ অবলম্বন করে দীনের কাজ করতে হবে। চুপ থেকে দীনের কাজকে পাশ কাটানোর নাম হিকমাহ নয়, হিকমাহ হলো— দীনের কাজকে বেগবান করার কৌশল। কিন্তু অনেকেই বিষয়টা ভুল বুঝে থাকেন। আমি তোমাদের আহ্বান করবো, তোমরা নিজ নিজ এলাকায় হিকমাহ অবলম্বন করে দীনের কাজ করে যাবে। আল্লাহ তোমাদের সাহায্য করুন।

মজলিস শেষে এক প্রশ্নের উত্তরে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, বাংলাদেশের আলেম-উলামা সম্পর্কে সৌদি আলেমদের কাছে অনেক ভুল তথ্য-গুজব রটানো হয়েছে। সেজন্য উভয় দেশের আলেমদের মাঝে দূরত্ব সৃষ্টি হয়েছে। এই দূরত্ব কাটিয়ে উঠতে চাইলে আমাদেরকে আরবী ভাষায় দক্ষতা অর্জনসহ প্রামাণ্য নির্ভর দীনের ইলমে প্রাজ্ঞ হতে হবে। এতে দূরত্ব কিছুটা হলেও কমবে বলে আমি আশাবাদী।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *