করমর্দনে ব্যর্থ হওয়া কিশোরীর বাড়িতে যুবরাজ
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যে কিশোরী উতলা ছিলেন যুবরাজ শেখ মহম্মদ বিন জায়েদ-এর সঙ্গে একটু করমর্দন করতে কিন্তু ব্যর্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। ততক্ষণে ঘটনার ভিডিও স্ক্রিপ্ট মিডিয়াতেও চলে গিয়েছিল। কিন্তু যুবরাজ শেখ মহম্মদ বিন জায়েদ কিশোরীকে খুশি করার জন্য সরাসরি তার বাড়ি গিয়ে উপস্থিত হন। কিশোরীর নাম আয়েশা আল মাজরোউই।
সে একাধিকবার চেষ্টা করেও যুবরাজের সঙ্গে হাত মেলাতে পারেনি। তবে লাইনে দাঁড়িয়ে যার সঙ্গে হাত মেলাতে চেয়েছিল, অবশেষে তিনিই সরাসরি পৌঁছে গেলেন তার বাড়িতে।
বুধবার আবুধাবির রাষ্ট্রপ্রধানের প্রাসাদে গিয়েছিলেন যুবরাজ শেখ মহম্মদ বিন জায়েদ। সেখানে তাকে স্বাগত জানাতে মন্ত্রী, আমলাদের পাশাপাশি শিশু, কিশোর-কিশোরীও ছিল।
তখন প্রাসাদে যুবরাজের সঙ্গে হাত মিলিয়ে নিচ্ছিল সবাই। তাদের মধ্যে ওই কিশোরীর উৎসাহ এতটাই ছিল যে, সে লাইনের এক ধার থেকে দৌড়ে উল্টো দিকের লাইনে চলে আসে, যাতে হাত মেলানোর সুযোগ কোনোভাবেই হাতছাড়া না হয়। এত চেষ্টা করেও সে হাত মেলাতে পারেনি। যুবরাজ ওই সারির সবার সঙ্গে হাত মেলালেও কিশোরীর সঙ্গে হাত না মিলিয়ে এগিয়ে যান। তিনি সম্ভবত খেয়াল করেননি। স্বাভাবিকভাবেই মুখ ভার হয়ে যায় ওই কিশোরীর। কিন্তু কিছু করার ছিল না।
সেখ মহম্মদ বিন জায়েদের সঙ্গে তার হাত না মেলাতে পারার ঘটনা ধরা পড়ে ক্যামেরায়। সম্ভবত সেই কথা যায় যুবরাজের কানেও। এরপর সোমবার আয়েশার বাড়ি পৌঁছে যান তিনি।
যার সঙ্গে হাত মেলাতে না পেরে দুঃখ পেয়েছিল কিশোরী, তাকে নিজ বাড়িতে পেয়ে আনন্দের আর শেষ নেই। দুঃখ যেন এক মুহূর্তে উবে গেল। এ যেন হাতে চাঁদ পাওয়া। আয়েশা ও তার পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান যুবরাজ। ছবিও তোলেন তাদের সঙ্গে।


