পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনায় আক্রান্ত হয়েছেন পিএসজি কোচ মারিসিও পচেত্তিনো। কোচের চেয়ারে বসার দুই সপ্তাহ পার না হতেই করোনার এমন হানা।
শুক্রবার (১৫ জানুয়ারি) ফরাসি ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পচেত্তিনো নিজ ঘরে আইসোলেশনে আছেন। সেজন্য সামনের কয়েকটি ম্যাচে তার দুই সহকারী পেরেজ ও মিগুয়েল ক্লাবের ইনচার্জের দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, টমাস টুখেলকে বরখাস্ত করার পরই তাকে কোচের চেয়ারে বসায় পিএসজি। আপাতত ২০২২ সালের ৩০ জুন অবধি পিএসজির কোচের দায়িত্ব পালন করবেন ৪৮ বছর বয়সী এই আর্জেন্টাইন। মেয়াদ এক বছর বাড়ানোর অপশনও রেখেছে ফরাসি ক্লাবটি। ছিলেন ফুটবলার, এখন সেই ক্লাবেরই কোচ। ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত পিএসজিতে খেলেছেন পচেত্তিনো।
কোচিং ক্যারিয়ারের শুরুটা পচেত্তিনোর এস্পানিওল দিয়ে। ২০০৯ সালে স্প্যানিশ ক্লাবটির দায়িত্ব নেন তিনি। সেখান থেকে ২০১৩ সালে সাউদাম্পটনের কোচের চেয়ারে বসানো হয় তাকে। সেখানে বছরখানেক থেকে চলে যান টটেনহামে। ২০১৯ অবধি স্পার্সদের ডাগআউটে ছিলেন। এই সময়ে তিনি টটেনহামকে বড় কোনো সাফল্য উপহার দিতে পারেননি।
/এএ


