পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ে দীর্ঘ চাকরির অভিজ্ঞতা তুলে ধরে বাহিনীটির মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ, পদোন্নতি ও পদায়ন- এ তিনটি জায়গায় কাজ করা খুব দরকার। সবার সহযোগিতায় কনস্টেবল, সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নিয়োগ বিধিতে পরিবর্তন আনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আইজিপি বলেন, কনস্টেবল পদে ‘বেস্ট অব দি বেস্ট’ প্রার্থী নিয়োগ করা হয়েছে। যার সুফল দেশের জনগণ শিগগির পাবেন। এছাড়া এএসপি পদে নিয়োগ বিধিতেও সংস্কার আনার সময় এসেছে। করোনাকালে পুলিশ জনগণের যে আস্থা ও ভালোবাসা অর্জন করেছে তা অভূতপূর্ব।
বুধবার (১৩ এপ্রিল) রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘আধুনিক পুলিশিংয়ের রূপকার ও চেঞ্জ মেকার আইজিপি’ হিসেবে দায়িত্ব গ্রহণের দু’বছর পূর্তি উপলক্ষে সহকর্মীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম, ডিআইজি মো. তওফিক মাহবুব চৌধুরী ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি পুলিশ ইন্সপেক্টর বি এম ফরমান আলী।
আইজিপি বলেন, সময়ের সঙ্গে পরিবর্তনের মধ্য দিয়েই মানুষের জীবন। সময় এক বহতা নদী। সময় চলে যায়, জীবন থেমে থাকে না। সংগঠনও জীবনের ন্যায়। এজন্য পরিবর্তনের মধ্য দিয়ে, সংস্কারের মধ্য দিয়ে একটি সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হয়।
তিনি বলেন, পুলিশ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। আমরা প্রতিনিয়ত সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশকে দেশ ও জনগণের কল্যাণে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। কোনো অন্যায় বা অদক্ষতার সঙ্গে পুলিশ জড়িত না হোক এ প্রত্যাশা ব্যক্ত করেন আইজিপি।
ড. বেনজীর আহমেদ বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা একটি ভূখণ্ড, একটি পতাকা পেয়েছি। বাঙালি পরাভব না মানা জাতি। আমাদের প্রধান লক্ষ্য দেশ ও দেশের জনগণ। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে।
আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের ক্ষেত্রে এক বিস্ময়। আমরা উন্নত বাংলাদেশের স্বপ্নের বন্দরে পৌঁছাবো।
তিনি আরও বলেন, সংগঠন একটি জীবন্ত বিষয়। সংগঠনকে জীবন্ত রাখতে হলে প্রয়োজন প্রতিনিয়ত পরিবর্তন, দরকার সংস্কার। পরিবর্তনের ভেতর দিয়েই একটি সংগঠন টিকে থাকে, এগিয়ে যায়। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সরকারের অন্যতম প্রধান সংগঠন বাংলাদেশ পুলিশ।


