পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গতকাল (১১ আগস্ট)থেকে সারাদেশে কঠোর বিধিনিষেধ তুলে নিয়েছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া সকল কিছু খুলে দেয়া হয়েছে। চলছে বাস-ট্রেন লঞ্চও।
এমন অবস্থায় বৃহস্পতিবার (১২ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, করোনাভাইরাসের পরিস্থিতির অবনতি হলেও আবারও কঠোর লকডাউনে যাবে সরকার।
করোনা পরিস্থিতির অবনতি হলে সরকারের অবস্থান জানতে চাইলে মন্ত্রী বলেন ‘দুটি কৌশলই আমরা অবলম্বন করব। একটা হলো বিধি-নিষেধ বা লকডাউন দেওয়া। আরেকটি হচ্ছে ছেড়ে দেওয়া। কিন্তু সবাইকে মাস্ক পরতে হবে।’
তাহলে পরিস্থিতি খারাপ হলে আবার লকডাউন দেবেন, এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘হ্যাঁ, পৃথিবীর যেকোনো দেশে বাড়লেই, যেমন অস্ট্রেলিয়ায় সেনাবাহিনী নামানো হয়েছে, কারফিউ দেওয়া হয়েছে। আমেরিকায় দেওয়া হয়েছে। দেওয়া হচ্ছে কেন? কারণ এর কোনো বিকল্প নেই।’
আগামী ১৯ আগস্ট থেকে রাস্তায় শতভাগ গণপরিবহন চলাচল করার অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌপথে সব ধরনের গণপরিবহন চলাচল করতে পারবে।


