পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছেন আরও ৪৩৪ জন। এ নিয়ে দেশে মোট ৩ হাজার ৩৮২ জনের শরীরে করোনা শনাক্ত করা হলো। এ ছাড়াও একই সময়ে দেশে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ১১০ জনের মৃত্যু হলো।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।
তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩ হাজার ১২৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে পরীক্ষা করা হয়েছে ২৯৭৪টি নমুনা; যা আগের দিনের চেয়ে ৭ শতাংশ বেশি।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে নতুন করে আরো দুজন সুস্থ হয়েছেন। এ নিয়ে ৮৭ জন করোনারোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
গেল ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা। তাদের বয়স বিশ্লেষণে নাসিমা সুলতানা বলেন, মারা যাওয়া ৯ জনের মধ্যে তিনজনের বয়স ষাটোর্ধ্ব, আর ৫০ থেকে ৬০ বছর বয়সের রয়েছেন ৩ জন এবং ৪০ থেকে ৫০ বছর বয়সের তিনজন।


