পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলতি বছরের পবিত্র রমজান মাসে কাতারে অনুষ্ঠিত হবে তৃতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা-২০১৯। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বাংলাদেশসহ ৫০ দেশ থেকে ১ হাজার ৭০০ প্রতিযোগী।
‘সুললিত কণ্ঠে সজ্জিত কর আল-কোরআন’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে ২৬ দিনব্যাপী এ অনুষ্ঠান তৃতীয় বারের মতো আয়োজন করছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতার।
আয়োজন কর্তৃপক্ষের মুখপাত্র খালিদ আস-সাইয়েদ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, এ বছর সবমিলিয়ে ১ হাজার ৭০০ হাফেজে কোরআন প্রতিযোগী ৫০ টি দেশের হয়ে প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবেন। যার মধ্যে ১৬ টি আরবদেশ এবং অনারব দেশ ৩৪ টি।
পহেলা রমজান থেকে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতানুষ্ঠান ধারাবাহিকভাবে কাতার-টিভি সরাসরি সম্প্রচার করবে। এবং ২৬ রমজান ৫ জন চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণার মধ্যদিয়ে শেষ হবে কাতার তৃতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা-২০১৯।
আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজরা বরাবরই ভালো করে আসছে। সে ধারাবাহিকতায় এ প্রতিযোগিতায়ও কয়েকজন বাংলাদেশের হাফেজ অংশগ্রহণ করবে।
সূত্র : আনাদলু এজেন্সি


