কাদের বললেন, তখন কি গণতন্ত্র সঠিক ছিল

কাদের বললেন, তখন কি গণতন্ত্র সঠিক ছিল

নিজস্ব প্রতিবেদক ● বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের অফিসে হামলা ও নেতাকর্মীদের নির্যাতনের কথা স্মরণ করিয়ে দিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এসব কি তারা ভুলে গেছে? রোববার রাজধানীর ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) যখন ক্ষমতায় ছিল, তখন আমাদের পার্টি অফিসে দফায় দফায় হামলা হয়েছে। আমাদের সিআরআইয়ের (সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন) অফিস সিলগালা করে দিয়েছিল। এসব কি তারা ভুলে গেছে? তখন কি গণতন্ত্র সঠিক ছিল?

তিনি বলেন, তাদের সময় আওয়ামী লীগ অফিসে শুধু অভিযান চালানো হয়নি, দলীয় কার্যালয়ে ঢুকে নেতাকর্মীদের ওপর নির্যাতনও করা হয়েছিল। অফিস লক্ষ্য করে বোমা হামলা হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এতদিন বিএনপি অফিসে কোনো ধরনের অভিযানের কোনো অভিযোগ তো ছিল না। হঠাৎ করে এটা কেন হল? এটা আমি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির সঙ্গে আলাপ করেছি। তারা বলেছেন, তাদের কাছে কিছু গোয়েন্দা রিপোর্ট ছিল। তার ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালের (শনিবার) অভিযানের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক আবিষ্কার করেছেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে তখনকার বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার ওপর সুপরিকল্পিতভাবে যে গ্রেনেড হামলা করেছিল, সেটা কোন গণতন্ত্র? আইভি রহমানসহ ২৩ জনের রক্ত ঝরল। এটা রক্তাক্ত গণতন্ত্র ছিল। দৃষ্টান্ত কারা স্থাপন করেছে?’ প্রশ্ন ছুড়ে দেন তিনি।

প্রসঙ্গত, শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গুলশান ২-এর ৮৬ নম্বর সড়কের ছয় নম্বর বাড়িতে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। তবে সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *