কাবার মুসাফির শায়েখরা পাবেন বাংলাদেশী লেখকের বই

কাবার মুসাফির শায়েখরা পাবেন বাংলাদেশী লেখকের বই

পাথেয় রিপোর্ট : পবিত্র কাবার জিয়ারতকারী বিশ্বের বরেণ্য আলেমগণকে যেসব হাদিয়া দেয়া হবে এরমধ্যে তালিকায় রয়েছে বাংলাদেশী লেখক, রাজধানীর জামিআ ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা আরীফ উদ্দীন মারুফের বই ‘ফি লাহজাতিল ওয়াদায়ীল আখীর। মাওলানা মারুফ একদিকে যেমন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ ও মুফাসসির অন্যদিকে তিনি ঢাকার সার্কিট হাউস জামে মসজিদের খতীব।

‘ফি লাহজাতিল ওয়াদায়ীল আখীর’ ২০১৫ সালে মক্কার অভিজাত প্রকাশনী ‘দারু তিবাতিল খাযরা’ প্রকাশ করে। তখনকার আরব বইমেলাগুলোতে কিতাবটি সাড়া ফেলে।  আরবী ভাষায় লিখিত ও টীকাযুক্ত ‘আলা ইয়া আইনু ইবকি,  রাওয়ায়ে মিন আশআরীস্ সাহাবা লেখকের আরও আলোচিতদুটো গ্রন্থ। এ নিয়ে বেশ চমকপ্রদ ঘটনাও আছে আরবের বইমেলায়।

পাঠকের চাহিদাপূরণে অভিজাত প্রকাশনী ‘দারু তিবাতিল খাযরা’কেও বেশ ক’বার ছাপাখানায় তুলতে হয়েছে বইটি। এ বিষয়ে লেখক মাওলানা আরীফ উদ্দীন মারুফ জানান, ভিন্নভাষী কোনও আলেমের এমন সফলতায় আরবের শায়খরা আমাকে শুভেচ্ছা ও অভিবাদন জানিয়েছেন।

মূলত সাহাবীদের ঈমান ও নূরে ভরপুর বইটির ছত্র-ছত্র। আল্লাহর অনুগ্রহ ও রহমতপ্রাপ্ত এ বিশাল জামাতের নির্বাচিত ক’জন মনীষার জীবনাচরণই হলো বইটির মূল প্রতিপাদ্য। শুধু ঘটনা ও বর্ণনার গতানুগতিক ধারাই নয় বরং অলংকার শাস্ত্রে ঋদ্ধ এ পুস্তিকাটি আরবী সাহিত্যে এক অত্যুজ্জ্বল গ্রন্থর’ই পূর্ণরূপ। তাই প্রতিবারের ন্যায় এবারও সৌদি হজ্ব ব্যবস্থা কমিটি সারা বিশ্ব থেকে আগত বিশেষ মেহমানদের হাদিয়া দিচ্ছে উল্লেখযোগ্য নির্বাচিত কিছু কিতাব। এ বছর যেখানে স্থান করে নিয়েছে মাওলানা আরীফ উদ্দীন মারুফের ‘ফি লাহযা’। যা বাংলাদেশের জন্যও এক বিরল সম্মানের।

গত১৩ জুলাই একটি চিঠির মাধ্যমে বাংলাদেশী লেখক আরীফ উদ্দীন মারুফকে এ সুসংবাদ জানিয়েছেন দারু তিবাতিল খাযরা কর্তৃপক্ষ। চিঠিতে তারা শায়খ মারুফের প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়ে বলেছেন, শায়খ ডক্টর আরীফ উদ্দীন মারুফ। আল্লাহ আপনাকে বরকত দান করুন এবং আপনাকে উপকৃত করুন। আর আপনাকে করে তুলুন এ উম্মতের অনুপম ব্যক্তি হিসেবে। আপনার কিতাব ‘ফি লাহযাতিল ওয়াদায়ীল আখীর’ দ্বারা উপকৃত করুন সমস্ত মানুষকে। আপনার এ কিতাবের প্রতি মানুষের প্রচণ্ড সম্মোহন ও অত্যধিক পাঠকপ্রিয়তা সম্পর্কে আমরা অবগত হয়েছি। তাই পবিত্র হজ্বের মওসুমে বহির্বিশ্ব থেকে আগত আলেম, পণ্ডিত, স্কলার, দায়ী ও বিদ্বান লোকদের কাছে এ মূল্যবান গ্রন্থটি হাদিয়া পেশ করার ইচ্ছা পোষণ করেছি আমরা। এ ক্ষেত্রে আপনার অনুমিত আমাদের একান্ত কাম্য”।

এমন সুসংবাদে অনুভূতি জানতে চাইলে মাওলানা আরীফ উদ্দীন মারুফ জানান, সবই আল্লাহর অনুগ্রহ। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু। তার দয়াই আমাদের একান্ত আরাধ্য। আর অনুভূতির কথা বলতে গেলে স্বভাবতই বলবো ‘খুব ভালো লাগছে’ আলহামদুলিল্লাহ! এটি শুধু আমার জন্যই নয় বরং এ দেশের আলেমসমাজের জন্যও একটি তৃপ্তি ও সুখের সংবাদ। সম্ভবত কোনও বাঙালি আলেমের স্বরচিত মৌলিক কোনও প্রথম পুস্তক এটিই। যা সরকারিভাবে হাদিয়া দেয়া হচ্ছে সারা দুনিয়া থেকে আগত বিশেষ শায়খদের।


গ্রন্থনা : কাউসার মাহমুদ

সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *