পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঝিনাইদহের কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লাউতলা ও বানুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- রাসেল হোসেন, হাসেম আলী, ইয়াকুব আলী, তবিবুর রহমান, আশিকুর রহমান, ইয়াদুল হোসেনসহ ১০ জন।
জানা গেছে, রোববার বিকেলে উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের কালুখালী এলাকায় স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম রিতুর প্রায় ১০ জন সমর্থক ভোট প্রার্থনা করতে যান। এ সময় নৌকার প্রার্থী নজরুল ইসলাম সানার ছেলে মাসুম ও তার ভাইয়ের নেতৃত্বে একদল যুবক হামলা চালায়। এ সময় রড, হাতুড়ি দিয়ে তাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এর মধ্যে দুইজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এরপর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নৌকার প্রার্থী নজরুল ইসলাম সানার ছেলে মাসুম এর নেতৃত্বে ৫টি মোটরসাইকেলে ১০/১২ জন উপজেলার বানুড়িয়া বাজারে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক চা দোকানী তাহাজ্জুদকে মারধর করে। এ সময় স্থানীয়রা চা দোকানীকে মারধরের প্রতিবাদ করে। জনরোষে ৩টি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায় তারা। এ সময় নৌকা প্রার্থীর সমর্থক ইয়াদুলকে গণপিটুনি দেয় স্থানীয়রা।
রাসেল হোসেন নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক অভিযোগ করে বলেন, বিকেলে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে উপজেলার কালুখালী বাজারে ভোট প্রার্থনা করতে যান তারা। এ সময় নৌকার প্রার্থী নজরুল ইসলাম সানার ছেলে মাসুমের নেতৃত্বে কয়েক জন তাদের উপর হামলা করে। এ সময় তারা রড-হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম রিতু বলেন, তিনি ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছেন। তবে তার সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে।
নৌকার প্রার্থী নজরুল ইসলাম সানা বলেন, সংঘর্ষের কথা তিনি শুনেছেন। ওই সময় তিনি মিটিং করছিলেন। ইয়াদুল নামে তার এক সমর্থক আহত হয়েছেন। তিনটি মোটরসাইকেল বানুড়িয়া বাজারে রয়েছে বলে জানান তিনি।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।


