পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কাশ্মিরের প্রধান শহর শ্রীনগরে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে ভারত সরকার। আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) জুমার নামাজ উপলক্ষে বিভিন্ন স্থানে সেনা মোতায়েন বাড়িয়েছে কর্তৃপক্ষ।
এর আগে গতকাল (২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার অঞ্চলটির বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলী শাহ গিলানির দাফন সম্পন্ন হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল ৯১ বছর বয়সী ওই নেতাকে শ্রীনগরে তার বাড়ির পাশেই দাফন করা হয়েছে। আজ জু’মার নামাজ পড়তে মসজিদে জড়ো হওয়া মুসল্লিরা যেন বড় ধরনের প্রতিবাদ ও সমাবেশ না করতে পারে, সেটি ঠেকাতেই সৈন্যরা রাস্তায় টহল দিয়েছে।
সরকারি এক কর্মকর্তা বলেন, শ্রীনগরসহ কাশ্মিরের অন্যান্য স্থানে মানুষের চলাচলের ওপর বিধিনিষেধ জারি করা হয়েছে এবং আরও সেনা মোতায়েন এবং রাস্তা ব্যারিকেড করা হয়েছে।
উপত্যকায় দ্বিতীয় দিনের মতো সব ধরনের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত রয়েছে। অঞ্চলটির বিভিন্ন স্থানে মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে।


