পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার-সদস্যবর্গ বিশেষ নিরাপত্তা পেয়ে থাকেন এ সংক্রান্ত ২০০৯ সালের এক আইন অনুসারে। এতে নতুন করে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) দৈহিক নিরাপত্তার বিষয়টি নতুন করে অন্তর্ভুক্ত করতে বিল আনা হয়েছে।
আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) বিল-২০২১ জাতীয় সংসদে উত্থাপন করা হয়।
এদিন বিলটি সংসদে তোলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিলটি আগামী ৩০ দিনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে এ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। এ বিলের আওতায় থাকবে বঙ্গবন্ধুর দুই মেয়ে, তাদের সন্তানারা এবং ক্ষেত্র মতো ওই সন্তানদের স্বামী-স্ত্রী ও তাদের সন্তানারা।
১৯৮৬ সালের এক অধ্যাদেশে এসএসএফের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেটি বাতিল করে নতুন করে বাংলায় আইন করার উদ্যোগ নেয় সরকার। আগের বিষয়গুলোর পাশাপাশি বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টি যুক্ত করা হচ্ছে।
গেজেট অনুযায়ী, ঘোষিত গুরুত্বপূর্ণ ব্যক্তি, অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের নিরাপত্তা দেয় এসএসএফ। এই বাহিনীর তত্ত্বাবধান ও নেতৃত্বের বিষয়টি প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত থাকবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের সবখানে এসএসএফের দৈহিক নিরাপত্তা দেয়ার কথা বলা হয়েছে বিলে।


