কুষ্টিয়ায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার খোরশেদপুর বাজারে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র দিদার হোসাইন (১৬) শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের আবুল হোসেনের ছেলে।

আবুল হোসেন বলেন, ‘আমার ছেলেকে বাটালি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমি হত্যাকারীদের সবার ফাঁসি চাই। ‘

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে স্থানীয় কাঠমিস্ত্রি বাবুর (১৮) সঙ্গে দিদার হোসাইনের বাগবিতণ্ডা হয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছিল। এ ঘটনার জের ধরে দিদার তার কয়েকজন বন্ধু নিয়ে বুধবার রাত ৯টার দিকে বাবু মিস্ত্রির দোকানে যায়। সেখানে তাদের মধ্যে আবারো বাগবিতণ্ডা হয়। এ সময় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে বাবু ধারালো বাটালি দিয়ে দিদারকে আঘাত করে এবং কুপিয়ে জখম করেন। স্থানীয়রা দিদারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। দিদারের বুকের বাঁ পাশে জখম ও বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতের চিহ্ন আছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শরিফ উদ্দিন বলেন, বাবু ও দিদারের মধ্যে বিরোধ ছিল। ঠিক কী কারণে বিরোধ, সেটা স্পষ্ট নয়। বুধবার রাতে দিদার কয়েকজনকে নিয়ে বাবুর দোকানে গিয়েছিল। সেখানে হাতাহাতির একপর্যায়ে সে হত্যাকাণ্ডের শিকার হয়।

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে প্রায় সমবয়সী প্রতিপক্ষের লোকজন দিদারকে হত্যা করেছে। এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এখনো মামলা হয়নি, কাউকে আটকও করা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *