পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন লিজ ট্রাস। ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে ইতোমধ্যে জল্পনা শুরু হয়েছে। একাধিক নাম উঠে আসছে এ তালিকায়। তবে এ ক্ষেত্রে প্রথমেই রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, পরবর্তী প্রধানমন্ত্রীর তালিকায় ঋষি সুনাকের পরেই উঠে আসছে কনজারভেটিভ পার্টির নেত্রী পেনি মর্ডন্টের নাম। প্রধানমন্ত্রী নির্বাচনের চতুর্থ এবং পঞ্চম রাউন্ডে সংসদদের ভোট অনুযায়ী সুনাকের পরেই তিনি ছিলেন। দলেও তার জনপ্রিয়তা রয়েছে।
এছাড়া, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার তালিকায় ছিলেন জেরেমি হান্ট। কিন্তু নিজেই জানিয়ে দিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হতে চান না।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাসভবনের সামনে দাঁড়িয়ে বিদায়ী প্রধানমন্ত্রী ট্রাস জানান, পরবর্তী নেতৃত্ব বেছে নেওয়ার আগ পর্যন্ত তিনি দায়িত্ব সামলাবেন। তবে আগামী সপ্তাহেই হবে নির্বাচন।
ট্রাস জানান, আজ সকালেই পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নেওয়ার ব্যাপারে তার কথা হয়েছে ১৯২২ কমিটির চেয়ারম্যান স্যর গ্রাহাম ব্র্যাডির সঙ্গে। পরবর্তী নেতৃত্ব বেছে নেওয়ার জন্য আগামী সপ্তাহেই একটি নির্বাচন হতে চলেছে। দেশের নিরাপত্তা যাতে কোনো ভাবেই বিঘ্নিত না হয় তা নিশ্চিত করবে ওই নির্বাচনে জয়ী হয়ে আসা পরবর্তী নেতা।
ট্রাসের পদত্যাগের সিদ্ধান্তের পর ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত মেয়াদের প্রধানমন্ত্রী হলেন তিনি। শপথ নেওয়ার দিন থেকে ইস্তফা পর্যন্ত মাত্র ৪৫ দিন দায়িত্বে ছিলেন তিনি।


