ক্যাসিনো দুর্নীতিবাজদের গুরুত্বপূর্ণ পদে থাকার অধিকার নেই : ইসলামী আন্দোলন
পাথেয় রিপোর্ট : ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশে যখন ক্যাসিনোর বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলছে, সরকারের নীতিনির্ধারক মহল যখন ক্যাসিনোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং বিষয়টি যখন ব্যাপকভাবে জনসমর্থিত ও প্রশংসিত হচ্ছে, ঠিক তখনই সরকারের একজন সচিবের ক্যাসিনোর পক্ষে বক্তব্য জাতিকে হতবাক করেছে। তিনি বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মহিবুল হক সাংবাদিকদের কাছে বিদেশি পর্যটকদের জন্য পর্যটন এলাকায় ক্যাসিনোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। তার মন্ত্রণালয়ের এমন পরিকল্পনার কথাও বলেছেন।
বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সচিবদের এক বৈঠকে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমান, সহকারি মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, মাওলান দেরাওয়ার হোসাইন সাকী, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব্ হারুন অর রশিদ প্রমূখ।
ইউনুছ আহমাদ বলেন, এমন বক্তব্যের মাধ্যমে সচিব মহিবুল হক জনগণের সেন্টিমেন্ট, জন আকাঙ্খা এবং সরকারের নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। অতএব তিনি আর সচিব এর মত রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পদে থাকার অধিকার রাখেন না। অতএব তাকে দ্রুত সচিবের পদ থেকে অপসারণ করা উচিত। ইউনুছ আহমাদ আরো বলেন, দুর্নীতির কারণে বাংলাদেশ বিমান যে প্রতি বছর শত শত কোটি টাকা লোকসান দিচ্ছে, এতে মন্ত্রণালয়ের সচিবেরও দায় রয়েছে। বিমানের সিট খালি যায় অথচ মানুষ টিকেট কিনতে গেলে টিকেট পায় না। আমাদের জুয়া, মদ আর নারীর লোভ দেখিয়ে পর্যটক বাড়ানোর প্রয়োজন নেই। দুর্নীতি, টেন্ডারবাজি বন্ধ করুন, দেশ এমনিতেই এগিয়ে যাবে।
মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, দেশে মাদকের সয়লাভের পেছনে পর্যটন মন্ত্রণালয়েরও ভূমিকা রয়েছে। পর্যটন মন্ত্রণালয়ের অধীনে দেশের বিভিন্ন অভিজাত বারগুলো বিদেশিদের নামে কোটি কোটি টাকার মদ আমদানি করে থাকে। যার শতভাগের এক ভাগও বিদেশিদের প্রয়োজন হয় না। তিনি বলেন, যখন ক্যাসিনোর মতো ভয়ঙ্কর জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান চলছে, তখন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মহিবুল হকসহ যারা এ সবের পক্ষে নানাহ যুক্তি তুলে ধরছে, তারা মূলত অভিযানের ভিত্তিকে দুর্বল করতে চাচ্ছে। এরাই দুর্নীতিবাজ ও টেন্ডারবাজদের আশ্রয়-প্রশ্রয়দাতা। তিনি বলেন, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উচিত ক্যাসিনোর পরিকল্পনা না করে বরং মাদকের আমদানি নিয়ন্ত্রণ করা এবং বিমানকে দুর্নীতিমুক্ত করা।


