এবার বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন তামিম
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশের ব্যাটিং ভরসা তামিম ইকবাল। নিজেকে ছাড়িয়ে যাওয়ার মিশনে তিনি প্রভূত শক্তি সঞ্চয় করেছেন। মানুষের ভালোবাসাও পেয়েছেন দারুণভাবে। তামিম ব্যথা পেলে সমগ্র বাংলাদেশই যেনো ব্যথিত হয়। তামিম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে খেলবেন কিনা তা নিয়ে চলছিল গুঞ্জন। সামান্য আঘাত অবশ্য পেয়েছেন হাতে। তবে খবর ভালো। তিনি খেলবেন। এবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন টাইগার ভক্তরা। কারণ বিশ্বকাপে দলের প্রথম ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে।
২০১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লন্ডনের ওভালে বাংলাদেশ সময় দুপুর ৩-৩০ মিনিটে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। শুক্রবার (৩১ মে) এই ম্যাচের জন্য অনুশীলন করতে গিয়ে কনুইয়ে চোট পান তামিম। তবে সুসংবাদ হচ্ছে তার চোট গুরুতর নয়।
শনিবার (১ জুন) দলের অনুশীলনে নেটে ব্যাটিং করতে দেখা গেছে তামিমকে। পরে ফিল্ডিং সেশনেও হাজির হন তিনি। অনুশীলন পর্ব শেষে তামিমের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন মাশরাফি বিন মর্তুজা। তবে তামিমের খেলা না খেলা এখন পুরোটা তার নিজের উপর নির্ভর করছে বলেও জানিয়েছেন টাইগার দলপতি।
মাশরাফি বলেন, ‘তামিম এরইমধ্যে নেটে ব্যাটিং শুরু করেছে। আমরা তামিম ও সাইফউদ্দিন দুজনের ফিটনেস টেস্টের দিকে খেয়াল রাখব। মূল সিদ্ধান্ত ফিজিও’র (থিহান চন্দ্রমোহন) মূল্যায়ন দেখে নেওয়া হবে এবং তারা খেলবে কিনা সেটা তাদের ওপরও নির্ভর করছে।‘
দলে ইনজুরি শঙ্কা আছে আরও। অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন কার্ডিফে প্রস্তুতিমূলক ম্যাচে ভারতের বিপক্ষে পিঠে চোট পান তিনি। শুক্রবারের অনুশীলনেও তাকে দেখা যায়নি। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।
ওভালে শনিবার সংবাদ সম্মেলনে হাজির হয়ে মাশরাফি আরও বলেন, ‘শুরুটা গুরুত্বপূর্ণ। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা যে পিচে খেলেছে একই পিচে আমরাও খেলব। আমরা ব্যাটিং উইকেট আশা করছি। এটা যদি কিছুটা স্লো হয়, তাহলে আমাদের এটার সঙ্গে খাপ খাওয়াতে হবে এবং আমি মনে করি এটা নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। উইকেট যাই হোক, আমাদের দ্রুত খাপ খাইয়ে সেরা খেলাটা খেলতে হবে।‘
বিসিবি আগেই বলেছিল, চিড় ধরা পড়েনি তামিম ইকবালের হাতে। তিনি খেলতে পারবেন। এমন খবরই দিলেন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কর্মকার্তারা। তারা জানিয়েছেন, তামিমের এক্স-রে রিপোর্টে কোনো চিড় ধরা পড়েনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার খেলার সম্ভাবনা যাচাইয়ের জন্য শনিবার তার আরও পরীক্ষা-নিরীক্ষা হবে


