পাথেয় টোয়েন্টিফোর ডটকম: আমদানি নির্ভর গুরুত্বপূর্ণ ওষুধের দাম মানুষের নাগালে রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। এসব ওষুধ দেশে উৎপাদনের ব্যবস্থা নেয়ার তাগিদও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর পূর্বাচলে ‘১৫তম এশিয়া ফার্মা এক্সপো’-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় বক্তারা বলেন, ২০২৬ সালে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হলে দেশীয় ওষুধ শিল্প বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। যা মোকাবেলায় এখন থেকেই ব্যবস্থা নিতে হবে।
রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘১৫তম এশিয়া ফার্মা এক্সপো’। এ এক্সপো চলবে ২ মার্চ পর্যন্ত। বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি আয়োজিত এ মেলায় অংশ নিয়েছে ৩৬টি দেশের ৭৯১টি কোম্পানি। প্রতিষ্ঠানগুলো নিজস্ব ওষুধ ও এই শিল্প সংশ্লিষ্ট সামগ্রী মেলায় উপস্থাপন করছে। বর্তমানে দেশের ওষুধের ৯৮ ভাগ চাহিদাই পূরণ করছে দেশীয় ফার্মাসিউটিক্যালস কোম্পানি। যার বাজারমূল্য ৩ বিলিয়ন ডলার।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, ওষুধ শিল্পের চ্যালেঞ্জ শুরু হবে ২০২৬ সাল থেকে। কারণ ওই সময় উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হবে বাংলাদেশ। তবে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ওষুধ শিল্প সমিতির সভাপতি।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, সবার সঙ্গে কথা বলে ওষুধের দাম কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।


