গেইলের দাপটে রংপুর রাইডার্সের জয়

গেইলের দাপটে রংপুর রাইডার্সের জয়

ক্রীড়া ডেস্ক : বাংলাদশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঙ্গলবারের প্রথম ম্যাচে খুলনা টাইটান্সকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স। শেষ ওভারে ছক্কা মেরে রংপুরের এই জয়ে দারুণ অবদান রেখেছেন রাইলি রুশোর।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে রংপুর রাইডার্সকে দারুণ সূচনা এনে দেন অ্যালেক্স হেলস এবং ক্রিস গেইল। ২৬ বলে হাফ সেঞ্চুরি করা হেলস শেষ প্যন্ত ৮ চার ৩ ছক্কায় ৫৫ রানে ইয়াসির শাহর শিকার হন। ভাঙে ৭৮ রানের ওপেনিং জুটি। এরপর হাত খুলতে শুরু করেন ক্যারিবীয় দানব। সিরিজে প্রথমবারের মতো তার ব্যাটে দেখা যায় দারুণ সব স্ট্রোক। গেইলের সঙ্গী ডি ভিলিয়ার্সও ছিলেন আরও বিধ্বংসী।

বিধ্বংসী প্রোটিয়া তারকার ২৫ বলে ৩ চার ৪ ছক্কায় গড়া ৪১ রানের ইনিংসটি থামে মাহমুদউল্লাহর বলে। রিভার্স সুইপ খেলতে গিয়ে এলবিডাব্লিউ হয়ে যান ডি ভিলিয়ার্স। রিভিউ নিয়েও সিদ্ধান্ত পাল্টানো সম্ভব হয়নি। ভাঙে ৪৩ রানের জুটি। প্রত্যাশার সব চাপ এসে পড়ে ক্রিস গেইলের ওপর। ধীরে ধীরে হাত খুলতে থাকেন ইউনিভার্স বস। ৩৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। রংপুর যখন জয় থেকে ১১ রান দূরে, তখন ৪০ বলে ২ চার ৫ ছক্কায় ৫৫ রান করে গেইল শিকার হন জুনায়েদ খানের।

এরপর ম্যাচে শুরু হয় উত্তেজনা। শেষ ওভারে দরকার ছিল ৬ রানের। ইয়াসির শাহর করা প্রথম বলেই আউট হয়ে যান ১৯ বলে ১৫ করা মিঠুন। ইয়াসিরকে ছক্কা মেরে বাকী কাজটা সূঁচারুভাবে সম্পন্ন করে মাঠ ছাড়েন রাইলি রুশো (৩ বলে ১০)। ৮ ম্যাচে মাত্র ১টি জয় পাওয়া খুলনা টাইটান্সের ভাগ্যে জোটে ৬ উইকেটের পরাজয়।

আজ মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই মাশরাফির বোলিং তোপের মুখে পড়ে খুলনার ব্যাটসম্যানেরা। প্রথম ওভারের শেষ বলে আল-আমিনকে (৪) মোহাম্মদ মিঠুনের গ্লাভসবন্দি করেছেন মাশরাফি। দলীয় ৫ রানে প্রথম উইকেট হারানোর পর বিপদ সামলানোর চেষ্ঠা করেন জুনায়েদ সিদ্দিকী এবং ব্রেন্ডন টেইলর। কিন্তু ফরহাদ রেজার বলে জুনায়েদ (১৩) রুশোর তালুবন্দি হলে ভাঙে প্রতিরোধ।

টেইলর-শান্তর ব্যাটে আবারও ঘুরে দাঁড়ায় খুলনা। তৃতীয় উইকেটে দুজনের ৪৯ রানের জুটি ভাঙে ক্রিস গেইলের বলে ২০ বলে ৩২ করা টেইলর নাহিদুলের তালুবন্দি হলে। উইকেটে আসেন অধিনায়ক মাহমুদউল্লাহ। একপ্রান্ত আগলে রাখা নাজমুল হোসেন শান্ত ৩৫ বলে ৪৮ করে ফরহাদ রেজার শিকার হন। এই মিডিয়াম পেসারের তৃতীয় শিকারে পরিণত হন ২০ বলে ২৯ করা মাহমুদউল্লাহ।

ফরহাদ রেজার চতুর্থ শিকার আরিফুল হক (৬)। শেষদিকে ডেভিড ওয়াইজের ১৫ বলে অপরাজিত ৩৫* রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে খুলনা টাইটান্সের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৮১ রান। বল হাতে ৩২ রানে ৪ উইকেট নিয়েছেন ফরহাদ রেজা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *