সিলেট প্রতিনিধি : দেশের প্রবীন আলেমে দ্বীন ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম ও বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, জঙ্গিবাদ ও জিহাদ এক নয়। ইসলামের শান্তিবাদী রূপকে কলুষিত করার জন্য সাম্রাজ্যবাদী শক্তিগুলোই মূলত জঙ্গিবাদের সৃষ্টি করেছে।
মঙ্গলবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জমিয়তুল উলামা সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ জমিয়তুল উলামার অবদান শির্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বলতে গিয়ে তিনি আরও বলেন, বিশ্বব্যাপী যখন ইসলামের শান্তিবাদী রূপ দেখে ইউরোপ, আমেরিকায় দলে দলে মানুষ ইসলামের প্রতি ঝুঁকছিল তখন এই ইহুদীবাদী ও সাম্রাজ্যবাদী শক্তি টুইনটাওয়ার হামলার একটি নাটক সাজায় ইসলাম ও মুসলমানদের কলুষিত করার জন্য। বিশ্বব্যাপী এই উগ্রবাদী জঙ্গিগোষ্ঠী মূলত তারাই সৃষ্টি করেছে। সেইজন্য দেখা যায় আইএস যত মানুষ মেরেছে তার আশি পার্সেন্টই মুসলমান নর-নারী। কোন ইহুদীর দিকে ওরা একটি বোমাও ছোড়েনি। তিনি বলেন, এখনো বাংলাদেশে যে জঙ্গিবাদ সক্রিয় রয়েছে তার বড় প্রমাণ অধ্যাপক জাফর ইকবালের উপর হামলা। তিনি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, কারও বক্তব্যের সাথে একমত না হলেই তাকে হামলা করার কোন অধিকার ইসলাম দেয় না আর আমি যতটুকু জানি তিনি ব্যক্তিজীবনে নাস্তিক নন এবং তার বাবা প্রথম জীবনে ইসলামি মাসিক পত্রিকা মাসিক মদীনায় চাকরী করতেন।আর তার দাদা আমাদের অঞ্চলের একজন বড় আলেম ছিলেন। আল্লামা মাসঊদ সিলেটের জৈন্তাপুরে মাদরাসা ছাত্রকে হত্যা করা ও একজন সম্মানিত মুহাদ্দিসের উপরে হামলারও তীব্র সমালোচনা করে বলেন, একজন মানুষকে দাওয়াত দিয়ে হত্যা করার চেয়ে নিকৃষ্ট কাজ আর কি হতে পারে?
তিনি অবিলম্বে এই দোষিদের শাস্তির দাবি জানান।
জমিয়ত নেতা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, যেভাবে আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লক্ষ আলেমের ফতোয়া প্রকাশ করে সারা বিশ্বে আলোড়ন তুলেছি সেভাবে আমরা সকল সন্ত্রাসবাদ ও উগ্রবাদ উৎখাত করবো ইনশাল্লাহ।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য জমিয়ত নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
কওমি মাদরাসার শিক্ষাসনদের স্বীকৃতি অবিলম্বে আইন করে সংসদে তা পাশ করার জন্যও জোড় আহ্বান জানান।
সিলেটের মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আব্দুর রহিম কাসেমী, জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, সিলেট জেলার সভাপতি মাওলানা তহুরুল হক জকিগঞ্জি, মৌলভীবাজার জেলার সেক্রেটারি মাওলনা মঈনুল ইসলাম চৌধুরী এ ছাড়া আরও উপস্থিত ছিলেন জমিয়ত নেতা মাওলানা শামছুল হক, মাওলানা মুজাহিদ আলী প্রমুখ।
গ্রন্থনা : নাইম ইসলাম, সম্পাদনা : মাসউদুল কাদির


