পাথেয় রিপোর্ট : রোববার বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধিদল কক্সবাজারে সাংগঠনিক সফর শুরু করেছেন। বাংলাদেশ জমিয়তের কক্সবাজার জেলা কমিটির একটি মতবিনিময় সভায় যোগদান এবং উখিয়া ও কুতুপালংয়ে জমিয়ত ও ইসলাহুল মুসলিমিন পরিষদের উদ্যোগে রোহিঙ্গা শরণার্থীদের সহযোগিতায় চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ জমিয়তের মুখপাত্র মাওলানা সদরুদ্দিন মাকনুন। তিনি বলেন, রোববার চট্টগ্রামের টাইগারপাসে অবস্থিত খানকায়ে হুসাইনিয়া আসআদিয়ায় বাংলাদেশ জমিয়তুল উলামা চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত স্থানীয় ওলামা ও জনতার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাংলাদেশ জমিয়তের সাপ্তাহিক তালীম কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বাংলাদেশ জমিয়তুল উলামার নেতৃবৃন্দ কক্সবাজার জেলা কমিটি আয়োজিত একটি মতবিনিময় সভায় যোগদান করবেন এবং বুধবার পর্যন্ত কক্সবাজারে অবস্থান করে রোহিঙ্গা শরণার্থীদের সহযোগিতায় টেকনাফের উখিয়া ও কুতুপালং ক্যাম্পে বাংলাদেশ জমিয়তুল উলামা ও ইসলাহুল মুসলিমীনের ব্যাবস্থাপনায় চলমান বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করবেন। বাংলাদেশ জমিয়তুল উলামার মুখপাত্র মাওলানা সদরুদ্দিন মাকনুন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব আহমদ, কেন্দ্রীয় গণসংযোগ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ শাকির, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শেখ নাঈমুল ইসলাম, জমিয়তকর্মী মাওলানা ইসহাক এই সফরে আছেন বলে জানা গেছে।
গ্রন্থনা : মুহাম্মদ নাঈম সম্পাদনা : মাসউদুল কাদির


