জমিয়তের কর্মী সম্মেলনে যে যা বললেন

জমিয়তের কর্মী সম্মেলনে যে যা বললেন

নিজস্ব প্রতিবেদক ● বৃহস্পতিবার বাংলাদেশ জমিয়তুল উলামার কর্মী সম্মেলনে নতুন অগ্রসর বাংলাদেশের কামনায় আশাবাদ ব্যক্ত করে জমিয়ত নেতারা বলেছেন, ফতওয়া প্রদান করে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এক যুগান্তকারী কাজ করেছেন। জমিয়তুল উলামা কওমি মাদরাসার সরকারি স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে যে অবদান রেখেছেন তা ভোলার নয়। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগতরা যা বললেন, নিম্নে দেয়া হলো।

জমিয়তের গোপালগঞ্জ প্রতিনিধি মাওলানা আবদুল্লাহ বলেন, ইসলামবিরোধী শক্তির মোকাবেলায় দাঁতভাঙা জবাব দেয়ার জন্য জমিয়তকে শক্তিশালী করতে হবে। চট্টগ্রাম প্রতিনিধি মাওলানা আসাদ শাহ বলেন, আমার সৌভাগ্য আমি জমিয়তের সঙ্গে আছি। কাল হাশরেও আল্লাহ তাআলা আমাকে এই জামাতের সঙ্গে কবূল করুন।

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মাওলানা আবদুল্লাহ ইসরাফিল বলেন, এ দেশের আলেমসমাজ জঙ্গিবাদ সমর্থন করে না, সেটা প্রমাণ করেছেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। ফেনি প্রতিনিধি মাওলানা জহিরুল ইসলাম বলেন, দেশের জন্যই জমিয়তকে চাই। জমিয়তকে গড়ে তুলতে চাই। নোয়াখালি জেলা প্রতিনিধি মাওলানা জামাল উদ্দীন বলেন, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদকে চেনা সহজ নয়। একারণেই তাকে নিয়ে সমালোচনা হয়। আগে তাকে চিনুন। তারপর কথা বলুন।

চাঁদপুর জেলা প্রতিনিধি ফয়জুল্লাহ বলেন, আল্লাহর মেহেরবানী যে আমরা জমিয়ত পেয়েছি। কুমিল্লা জেলা প্রতিনিধি মাওলানা ইমদাদুল্লাহ বলেন, আল্লামা মাসঊদের দর্শনই হবে আমাদের এগিয়ে যাওয়ার পাথেয়। বিবাড়িয়া জেলা প্রতিনিধি মাওলানা জয়নুল আবিদীন বলেন, খেদমতে খালকের ময়দানে জমিয়তকে ভূমিকা রাখতে হবে। নরসিংদী জেলা প্রতিনিধি মাওলানা শওকত আলী বলেন, দেশের গতি পরিবর্তনে জমিয়ত ক্ষমতা রাখে। দেশ গড়তে, উন্নয়নে এবং সমৃদ্ধির জন্যই কাজ করবে জমিয়ত। মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মাওলানা নাইমুল হাসান বলেন, জমিয়তের হাতকে শক্তিশালী করার জন্য আল্লাহ আমাদের কবূল করুন।

দিনাজপুর জেলা প্রতিনিধি মাওলানা মুহাম্মদ আলী বলেন, জমিয়তের কাজের সুবিধার জন্য আল্লামা মাসঊদের সব লেখাগুলো একমলাটে আনা দরকার। নিলফামারী জেলা প্রতিনিধি মাওলানা মশিউর রহমান বলেন, বেদনায় ক্লিষ্ট হতে চাই না। আল্লামা মাসঊদে নিয়ে এগিয়ে যেতে চাই। কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাওলানা আবদুস সালাম বলেন, মানুষ ও মানবতার জন্য কাজ করছি আমরা। জমিয়তকে তৃণমূল পর্যায়ে পৌঁছাতে সবাইকে এগিয়ে আসতে হবে। নেত্রকোনা জেলা মাওলানা আবুল কাশেম বলেন, আমাদের জমিয়ত আকাবীরের চিন্তার ফসল, ধারক ও বাহক।

সিলেট জেলা প্রতিনিধি মাওলানা আবদুস সালাম বলেন, হকপন্থী সবার মঙ্গল কামনা করে জমিয়ত। আমরা যারা কাজ করি, সবারই নিয়ত বিশুদ্ধ হওয়া উচিত। হবিগঞ্জ জেলা প্রতিনিধি মাওলানা মুজাহিদ আলী বলেন, হবিগঞ্জে আল্লাহর মেহেরবানীতে এই জমিয়তুল উলামার কাজ চলছে। প্রায় সব উপজেলাতেই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও ভালো কাজ হবে। আপনারা দুআ করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *