পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলমান জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্ব নেতাদের সামনে কথা বলতে চায় তালেবান। গত সোমবার (২০ সেপ্টেম্বর) তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জাতিসংঘকে চিঠির মাধ্যমে তাদের এ ইচ্ছার কথা জানিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সুত্রে জানা গেছে, এরই মধ্যে নাকি তালেবান জাতিসংঘে কথা বলার জন্য তাদের মুখপাত্র সুহাইল শাহীনকে মনোনীত করে ফেলেছে।
জাতিসংঘের এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, তালেবানের অনুরোধটি জাতিসংঘের ক্রেডেনশিয়াল কমিটি বিবেচনা করছে। নয় সদস্যের ওই কমিটির অন্যতম সদস্য যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া।
এর আগে ১৯৯৬ সালে শেষবার যখন তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করেছিলে তখনো তারা জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূতকে সরিয়ে দিয়েছিল।
তবে, আগামী সোমবার (২৭ সেপ্টেম্বর) সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার আগে সেখানে তালেবানের অংশ নেয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ, নিয়মানুযায়ী অধিবেশন শেষ হওয়ার আগ পর্যন্ত জাতিসংঘে আফগানিস্তানের দূত হিসেবে গোলাম ইসাকজাই বহাল থাকবেন। তিনি ২৭ সেপ্টেম্বর সভার শেষ দিনে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।
তবে তালেবান বলছে, ‘তিনি আর আফগানিস্তানের প্রতিনিধিত্ব করছেন না।’
তারা আরও জানিয়েছে, বিশ্বের অনেক দেশ এখন সাবেক প্রেসিডেন্ট ঘানিকে আফগানিস্তানের নেতা হিসেবে স্বীকৃতি দেয় না।


