পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাঈমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় পরিবার ও স্কুল কর্তৃপক্ষকে কেন ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
এর আগে গত জুলাই মাসে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেন নাঈমুল আবরারের বাবা মজিবুর রহমান এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার কাজী শামীম ফরহাদ। রিটে কলেজ ও পরিবারকে ৫০ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করা হয়। সেই রিটের প্রেক্ষিতে আজ এই রুল জারি করা হলো।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১ নভেম্বর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে প্রথম আলোর ম্যাগাজিন কিশোর আলোর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট মারা যান আবরার রাহাত। ওই ঘটনায় প্রথম আলো কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করে একটি মামলা দায়ের করেন আবরারের বাবা। ৯ নভেম্বর ময়নাতদন্তের জন্য আবরারের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।
মামলার প্রেক্ষিতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছিলেন আদালত। একই সঙ্গে মামলার অভিযোগপত্রভুক্ত অন্যতম আসামি প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কিশোর আলোর সম্পাদক আনিসুল হককে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।


