পাথেয় ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে আগামী শুক্রবার ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট লন্ডনের উদ্দেশে ছেড়ে যাবে। লন্ডনে দুদিনের যাত্রাবিরতির পর রোববার নিউইয়র্কে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে ভাষণ দেবেন। একই দিনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা।
প্রধানমন্ত্রীর সফরের প্রথম দিন নিউইয়র্কের মিডটাউনের হোটেল হিলটনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেবেন। জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী মিশনের আয়োজনে ‘গ্লোবাল কল টু অ্যাকশন অন ড্রাগ প্রবলেম’ শীর্ষক হাই লেভেল ইভেন্টে যোগ দেবেন প্রধানমন্ত্রী। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট এবং এস্তোনিয়ার প্রেসিডেন্ট ক্রেস্টি কালিজুলেইদর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে।
এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন এবং যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেওর সঙ্গেও সাক্ষাৎ করবেন। সাধারণ পরিষদ ভবনের নর্থ ডেলিগেট লাউঞ্জে জাতিসংঘের মহাসচিব আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ২৯ সেপ্টেম্বর রাতে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


