জার্মানিতে বন্যাঃ মৃতের সংখ্যা বেড়ে ৪২, নিখোঁজ বহু

জার্মানিতে বন্যাঃ মৃতের সংখ্যা বেড়ে ৪২, নিখোঁজ বহু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জার্মানির পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে। নিহতদের বেশিরভাগই নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া ও রাইনল্যান্ড-পালাটিনেট রাজ্যের বাসিন্দা বলে বিবিসি জানিয়েছে।

রাইনল্যান্ড-পালাটিনেট রাজ্যের প্রধান মালু ড্রেয়ার ভয়াবহ এই বন্যাকে ‘বিপর্যয়’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘বন্যায় অনেকের মৃত্যু হয়েছে, অনেকে নিখোঁজ রয়েছেন এবং অনেকেই ঝুঁকিতে রয়েছেন। নিজেদের জীবন বাজি রেখে আমাদের সবগুলো জরুরি সেবার কর্মীরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন।’

প্রবল বৃষ্টিপাতের জেরে বুধবার থেকে (১৪ জুলাই) জার্মানির পশ্চিমাঞ্চলে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। এতে বহু সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, সরিয়ে নিতে হয়েছে বিপুল সংখ্যক মানুষকে। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি সড়ক। বন্যার কারণে রাইনল্যান্ড-পালাটিনেটের ভলকানেফেল জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় নর্থ রাইন-ওয়েস্টফেলিয়ার বন্যাকবলিত এলাকাগুলোতে ভারী যন্ত্রপাতিসহ দুই শতাধিক সেনা পাঠানো হয়েছে। প্রতিবেশী রাইনল্যান্ডে কাজ করছেন অন্তত ৭০ জন সেনা। উদ্ধার অভিযানে অংশ নিয়েছে পুলিশের বেশ কয়েকটি হেলিকপ্টারও।

বন্যার কারণে পশ্চিম জার্মানির দুই লক্ষাধিক বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিঘ্ন ঘটছে বিশুদ্ধ পানি সরবরাহেও। দেশটির পশ্চিমাঞ্চলে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। সেখানে যানবাহন চলাচলও ব্যাপকভাবে বিঘ্ন ঘটেছে বলে জানা গেছে।

জার্মান আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৫ জুলাই) সারা দিন দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ অঞ্চলে শুক্রবার (১৬ জুলাই) সন্ধ্যা পর্যন্ত টানা বৃষ্টি ঝরবে বলে ধারণা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *