জিকিরে তালিমে ফরিদপুরে ইসলাহী ইজতেমা শুরু
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কোর্টপাড়, ভাঙ্গা , ফরিদপুর দারুল উলুম মাদানীনগর মাদরাসা মিলনায়তনে রোববার (২০ অক্টোবর) বাদ আসর থেকে শুরু হয়েছে বাংলাদেশ জমিয়তুল উলামা ফরিদপুর জেলা আয়োজিত তিন দিনব্যাপি ইসলাহী ইজতেমা।
আত্মশুদ্ধিমূলক এই ইজতেমায় উপস্থিত হয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
বাদ মাগরিব জিকিরের আমল শেষে ইজতেমার ইসলাহী বয়ানে জামিআ মাদানিয়া আসআদুল উলূম মাদানীনগর খুলনা মাদরাসার মুহতামিম মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী বলেন, আমাদের এই ইসলাহী ইজতেমা ও ইসলাহী সফরের একমাত্র উদ্দেশ্য আমরা আল্লাহকে পেতে চাই। আমরা আল্লাহ ডাকে সাড়া দেওয়ার জন্য ইসলাহী সফরে বের হয়েছি। আমরা আশা করছি, আল্লাহ আমাদের সফর কবুল করে নিবেন। আমাদেরকে তাঁর প্রিয় বান্দাদের কাতারে শামিল করে নিবেন।
বেশি বেশি দূরুদ শরীফ পড়ার আহ্বান জানিয়ে মাদানীনগর মাদরাসার মুহতামিম বলেন, দরুদ শরীফ গুরুত্বপূর্ণ একটি আমল। এ আমলের মাধ্যমে একসঙ্গে আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টি পাওয়া যায়। এটি মুমিনের আত্মার খোরাক এবং প্রিয় তাসবিহ। আমাদের পেয়ারে নবীজী হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসার শ্রেষ্ঠ নিদর্শন তাঁর উপর দুরূদ প্রেরণ করা।
রোববার বাদ এশা দুরুদ শরীফের আমল পরিচালনা করেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারি জেনারেল মাওলানা সদরুদ্দীন মাকনুন।
আল্লাহর নামের জিকিরে অন্তর পবিত্র হয়, অন্তরে প্রশান্তি আসে জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আব্দুর রহীম কাসেমী বলেন, পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ আল্লাহ ও তাঁর নামের জিকির। আল্লাহ নামের জিকিরের স্বাদ, আল্লাহ নামের স্বাদ কখনো কমে না, বরং যত বেশি বেশি করবে ততো স্বাদ বৃদ্ধি পাবে। আল্লার নামের জিকিরে কখনো বিরক্তিও আসে না। যে ব্যক্তি যত বেশি জিকির করবে সে আল্লাহর কাছে ততো প্রিয় হতে থাকবে। প্রতিদিন নিয়ম করে নির্দিষ্ট একটা সময় জিকিরের জন্য ঠিক করে রাখার কথা বলেন তিনি।
বাদ এশা ইসলাহী বয়ান শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা, দেশ-জাতি এবং মুসলিম উম্মাহের জন্য শান্তি কামনা করেন মাওলানা আব্দুর রহীম কাসেমী।


