পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফ্রিকার দেশ জিবুতিতে নির্মিত হলো পূর্ব আফ্রিকার বৃহত্তম মসজিদ। জানা যায়, তুরস্কের আর্থিক সহায়তায় এই মসজিদ নির্মাণ করা হয়েছে। টার্কিশ দিয়ানত ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৭ সালে মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। আশা করা হচ্ছে আগামী ফেব্রুয়ারী ২০১৮ তে মসজিদটি উদ্বোধন করা যাবে ।
১০,০০০ স্কয়ার ফিট ভূমির উপর নির্মাণাধীন এ মসজিদটি ওসমানী স্থাপত্যরীতিতে তৈরি করা হচ্ছে। ভারত মহাসাগরের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই মসজিদটিতে এক সঙ্গে ৫০০০ মুসল্লী নামায আদায় করতে পারবে। তিনি বলেন, তুরস্কের নীল মসজিদের অনুকরণে এখানে একটি বাগান ও একটি আঙ্গিনাও সংযোজন করা হয়েছে। তিনি জানান, মসজিদের এই অংশগুলো নির্মাণ ছিল প্রচন্ড চ্যালেঞ্জের।
মসজিদটিতে ৪৫ মিটার উচ্চতার দুইটি মিনার এবং ছাঁদে একটি প্রধান গম্বুজের সাথে সাথে আরো চারটি গম্বুজের নির্মাণ করা হয়েছে। এছাড়া মসজিদটির অভ্যন্তরে ঐতিহ্যবাহী তুর্কি নকশা ও ঝাঁড়বাতিতে সজ্জিত করা হয়েছে। জনাব ইউকসেল আরও বলেন, শিশুদের ধর্মীয় শিক্ষা প্রদানের জন্যও মসজিদের সাথে সংলগ্ন একটি স্বতন্ত্র স্থান নির্মাণ করা হয়েছে। তিনি আরো বলেন, নির্মাণ সামগ্রীর অধিকাংশ উপাদানই তুরস্ক থেকে আনা হয়েছে।
ফুরকান ইউকসেল বলেন, মসজিদটি জিবুতির জনগণের জন্য তুরস্কের উপহার। তিনি বলেন, আমাদের পূর্বপুরুষদের সাথে প্রাচীনকাল থেকেই এই অঞ্চলের লোকজনের যোগাযোগ ছিল এবং এই প্রকল্পের সাথে যুক্ত হতে পেরে আমি গর্বিত।
জিবুতিতে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত, সাদী আলতানক আনাদোলু এজেন্সীকে বলেন, দশ লক্ষ অধিবাসীর ছোট দেশ জিবুতিতে তুরস্কের হস্তক্ষেপ সামরিক কোন উদ্দেশ্য হাসিলের জন্য নয় বরং উন্নয়ন ও মানবিক সাহায্য প্রদানের জন্য।
তিনি জানান, মসজিদ ছাড়াও এই অঞ্চলের মানুষের কল্যানের জন্য তুরস্ক আরও বিবিধ সামাজিক ও অর্থনৈতিক প্রকল্প গ্রহণের উদ্যোগের কথা চিন্তা করছে। এরমধ্যে একটি শিশু হাসপাতাল ও বাঁধের নির্মাণকাজ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, পৃথিবীতে যত স্থান রয়েছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি ও প্রিয় স্থান হলো মসজিদ, কারণ এখানে নামায, যিকির ও কুরআন তেলাওয়াতসহ সব রকমের ইবাদত হয়। যেমনটি হাদীসে এসেছে রাসূল সা. ইরশাদ করেন : যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনে কোন মসজিদ নির্মাণ করে আল্লাহ তাঁর জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন।
পবিত্র কুরআনের ভাষ্য মতে পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান মসজিদ। মসজিদ একটি আরবি শব্দ। যার অর্থ হচ্ছে সিজদাহ দেয়ার স্থান বা যেখানে সিজদাহ দেয়া হয়। আর সিজদাহ মানে হলো শ্রদ্ধাভরে মাথা অবনত করা। সাধারণত ইমারত বা স্থাপনায় মুসলিমরা একত্রিত হয়ে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তাকে মসজিদ বলা হয়।


