পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর সংগঠন গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকের সময় বিষয়টি তোলা হয়েছিলো বলে জানিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রাশিয়াকে জি-২০ থেকে সরিয়ে দেওয়া উচিত কি না প্রশ্ন করা হলে জো বাইডেন বলেন, ‘আমার উত্তর হ্যাঁ, জি-২০ এর ওপর নির্ভর করছে।’
বাইডেন আরও বলেন, যদি ইন্দোনেশিয়া এবং অন্য দেশগুলো রাশিয়াকে জি-২০ থেকে অপসারণে একমত না হয়, তাহলে ইউক্রেনকে বৈঠকে অংশ নিতে দেওয়া উচিত।
এর আগে, বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে গত বুধবার রয়টার্স জানায়, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর কারণে জি-২০ থেকে রাশিয়াকে বের দিতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলো সম্ভাব্য পদক্ষেপের কথা চিন্তা করছে। সংস্থাটি থেকে রাশিয়াকে রিপ্লেস করতে পোল্যান্ড মঙ্গলবার মার্কিন কর্মকর্তাদের পরামর্শ দিয়েছে। এর জবাবে ‘ইতিবাচক সাড়া’ পেয়েছে দেশটি।
বিশ্বের শিল্পোন্নত ধনী দেশগুলোর এই সংগঠনের সদস্য হিসেবে রয়েছে ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জলবায়ু পরিবর্তন ও উন্নয়নসহ বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করে এমন সমস্যাগুলোর বিষয়ে সমন্বিত পদক্ষেপ নেওয়াই এই গোষ্ঠীটির লক্ষ্য।


