জীবাণু প্রতিরোধে হজে আসছে অত্যাধুনিক ইহরাম

জীবাণু প্রতিরোধে হজে আসছে অত্যাধুনিক ইহরাম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : একেবারেই সাধারণ সেলাইবিহীন সুতি কাপড় পরে হজের আনুষ্ঠানিকতা সারেন ধর্মপ্রাণ মুসলিমরা। এবার সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক হচ্ছে সেই ইহরাম। তবে নকশায় নয়, মূলত ইহরামের কাপড়ের গঠনশৈলীতে আসছে বড় ধরনের পরিবর্তন।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের খবর অনুসারে, ন্যানোটেকনোলজি সংযুক্ত এবং ব্যাকটেরিয়া-প্রতিরোধী কাপড় দিয়ে তৈরি হচ্ছে এই ইহরাম।

সৌদি উদ্ভাবক হামাদ আল-ইয়ামি আবিষ্কৃত এবং পাকিস্তানে তৈরি এ ধরনের ইহরাম প্রথম ব্যবহৃত হয় ২০২০ সালে হজের সময়।

বলা হচ্ছে, ন্যানোটেকনোলজি সংযুক্ত কাপড়টি ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি প্রতিরোধ করতে সক্ষম। এটি শতভাগ তুলার সুতো দিয়ে তৈরি এবং ৯০ বারের বেশি ধোয়া যাবে।

আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে তৈরি ইহরামে ব্যবহার্য এই কাপড়ের অনুমোদন দিয়েছে সৌদি স্ট্যান্ডার্ডস, মেট্রোলজি অ্যান্ড কোয়ালিটি অর্গানাইজেশন (এসএএসও)।

খালিজ টাইমসের তথ্যমতে, এবারের হজেও অত্যাধুনিক কাপড়ের ইহরাম ব্যবহৃত হবে এবং ২০৩০ সাল থেকে সাধারণ কাপড়ের বদলে বাণিজ্যিকভাবে এর ব্যবহার শুরু হবে।

করোনাভাইরাস মহামারির কারণে টানা দ্বিতীয় বছর শুধু স্থানীয়দেরই হজ পালনের অনুমতি দিচ্ছে সৌদি আরব। ১৮ থেকে ৬৫ বছর বয়সীদের মধ্যে যারা টিকা নিয়েছেন এবং যাদের কোনো গুরুতর অসুখ নেই, এ বছর কেবল তারাই হজের অনুমতি পাবেন। এরপরও সর্বোচ্চ ৬০ হাজার জনকে হজের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *