পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জেরুজালেম আল-কুদস (বায়তুল মুকাদ্দাস) নগরীর উপর ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের বার্ষিকীতে এই পবিত্র নগরী ইহুদিবাদীদের কবল থেকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন।
ইসলামি জিহাদের মুখপাত্র দাউদ শিহাব বলেছেন, জেরুজালেমের ওপর ইহুদিবাদীদের দখলদারিত্বের বার্ষিকীর দিন অর্থাৎ ৫ জুনকে ফিলিস্তিনি জাতি কোনদিনও ভুলে যাবে না।
তিনি বলেন, বায়তুল মুকাদ্দাসের ওপর গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে ইসরাইলের দখলদারিত্ব সত্ত্বেও ফিলিস্তিনি জনগণ একদিনের জন্যও এই নগরীকে ভুলে যায়নি। তারা ইহুদিবাদীদের কবল থেকে মুসলমানদের প্রথম ক্বেবলা আল-আকসা মসজিদের শহর আল-কুদসকে মুক্ত করার শুভ দিনটির প্রহর গুণছেন।
ইসলামি জিহাদ আন্দোলনের মুখপাত্র আরো বলেন, আল-কুদস দখলের দিন থেকে মুসলিম উম্মাহর অন্তরে রক্তক্ষরণ শুরু হয়েছে এবং তখন থেকে ইসলামের শত্রুরা মুসলিম উম্মাহকে বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মুসলমানরা যাতে কোনোদিন আল-কুদসকে মুক্ত করতে না পারে সে লক্ষ্যে এ ষড়যন্ত্র চলছে বলে তিনি জানান।
উল্লেখ্য, ১৯৬৭ সালের ৫ জুন ইসরাইল ফিলিস্তিনের জেরুজালেম আল-কুদস শহরের পাশাপাশি সিরিয়ার গোলান মালভূমি এবং জর্দানের একাংশ দখল করে নিয়েছিল।
সূত্র: পার্স টুডে


