জেলা পরিষদকে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা হবে : এলজিআরডি সচিব

জেলা পরিষদকে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা হবে : এলজিআরডি সচিব

নিজস্ব প্রতিবেদক ● স্থানীয় সরকার সচিব আবদুল মালেক বলেছেন, জেলা পরিষদকে কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠানে পরিণত করা হবে। যথাযথ সংস্কার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জেলা পরিষদকে ঢেলে সাজিয়ে জনগণের কল্যাণে প্রতিষ্ঠানটিকে আরো বেশি সম্পৃক্ত করা হবে। রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ঐকান্তি প্রচেষ্টায় ১৩১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০১৬ সালে জেলা পরিষদ আইন সংশোধন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ বর্তমানে আরো ছয়টি বিধি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে এবং তিনটি বিধি প্রণয়নে কাজ করছে। এসব বিধি পাস হলে স্থানীয় সরকারের শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে জেলা পরিষদ আরো সুচারুরূপে পরিচালিত হবে।

সচিব আরো বলেন, জেলা পরিষদের অনেক জমি বেদখল হয়েছে। প্রায় ১০০ বছর জেলা প্রশাসকের আওতাধীন থাকায় জেলা পরিষদের অনেক সম্পত্তির মালিকানা বেহাত হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এগুলো পুনরুদ্ধার করার জন্য জোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জেলা পরিষদকে কেন্দ্রীয় সরকারের দিকে তাকিয়ে না থেকে উন্নয়নের জন্য নিজস্ব সম্পদ ব্যবস্থাপনার দিকে নজর দিতে হবে। প্রয়োজনে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। উন্নত দেশের মতো গুরুত্বপূর্ণ মহাসড়কের পাশে উন্নতমানের বহুমুখী রেস্ট হাউস গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে। এগুলো জেলা পরিষদের মাধ্যমে পরিচালিত হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী ও মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম মাহবুবুল আলম। সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে বিকেল পর্যন্ত দুই পর্বে এ ওরিয়েন্টেশন হয়। দ্বিতীয় পর্বে, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক, অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম জেলা পরিষদ আইন, ২০০০ (সংশোধন ২০১৬) অবহিতকরণ কর্মশালা পরিচালনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *