জয়ের স্বপ্ন নিয়ে ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ

জয়ের স্বপ্ন নিয়ে ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ

খেলা প্রতিবেদক ● কলম্বোর পি. সারা ওভালে নিজেদের ক্রিকেট ইতিহাসে শততম টেস্ট জয়ের স্বাদ পেয়েছিলো বাংলাদেশ। শততম টেস্ট জয়ের রোমাঞ্চ এখনো ঘিরে আছে টাইগারদের। এবার সেই রোমাঞ্চ নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ। রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।

টেস্ট সিরিজ দিয়ে এবারের শ্রীলঙ্কা সফর শুরু করে বাংলাদেশ। গল-এ সিরিজের প্রথম টেস্ট ২৫৯ রানের বড় ব্যবধানে হারে টাইগাররা। তবে কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্টে চমক দেখায় বাংলাদেশ। নিজেদের শততম টেস্টে অনুপ্রাণিত হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দাপটের সাথে ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় মুশফিক বাহিনী। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়।

নিজেদের শততম টেস্ট জয়ের রোমাঞ্চটা অনেক বেশি স্পর্শ করেছে বাংলাদেশকে। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে শততম টেস্টে জয় পায় টাইগাররা। এমন অর্জনকে সাথে নিয়েই এবার নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ।

ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতিমূলক ম্যাচে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিয়েছে মাশরাফির দল। জয়ের জন্য প্রতিপক্ষ শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট একাদশের ছুঁড়ে দেয়া ৩৫৫ রানের টার্গেট প্রায় ধরে ফেলেছিলো বাংলাদেশ। কিন্তু শেষ ওভারে এসে ভাগ্যকে সাথে না পাওয়ায় মাত্র ২ রানে ম্যাচ হারে টাইগাররা।

তারপরও লড়াই করার মানসিকতা সাহস যোগাচ্ছে বাংলাদেশকে। যেমনটা সর্বশেষ শ্রীলংকা সফরের শেষ ওয়ানডেতে দেখিয়েছিলো টাইগাররা। ২০১৩ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি ৩ উইকেটে জিতে নেয় তারা। ফলে সিরিজ ১-১ সমতায় শেষ হয়।

তাই শ্রীলঙ্কার মাটিতে অপরাজেয় থেকেই ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের ম্যাচে খুব বেশি সাফল্য পায়নি টাইগাররা। ৩৮ ম্যাচে মাত্র ৪টি জয় আছে তাদের। এরমধ্যে তিনটি বাংলাদেশের মাটিতেই।

তবে এসব পরিসংখ্যান খুব বেশি কাজে দেবে না বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, ‘ব্যক্তিগতভাবে, অতীত আমাকে কখনও সাহায্য করেনি। হতে পারে অন্য খেলোয়াড়দের অনুপ্রেরণা দিয়েছে। কিন্তু আমি অতীত থেকে প্রেরণা নিতে পারিনি। অতীতে অনেক ম্যাচ খেলেছি এবং অধিকাংশই হেরেছি। কিন্তু তার মানে এই নয়, আমি ভবিষ্যতে কোন ম্যাচ জিততে পারবো না। আমাদের ২০১৩ সালের জয়ের কথা মনে রাখতে হবে এমনটা আমি মনে করি না। আমি মনে করি ফুরফুরে মেজাজে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

অতীত মনে করতে চান না মাশরাফি। তা না করাই ভালো। কারণ ২০১৪ সাল থেকে টানা ছয়টি দ্বিপক্ষীয় সিরিজ জিতে আকাশেই উড়ছিলো বাংলাদেশ। তবে ২০১৬ সালের অক্টোবরে দেশের মাটিতে ইংল্যান্ডের কাছে এবং গেল বছরের শেষে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ। তাই পরপর দুই সিরিজ হারের ক্ষত ভুলে আবারো জয়ের ধারায় ফেরার লক্ষ্যও আছে বাংলাদেশের।

জয়ের ধারায় ফেরার লক্ষ্য শ্রীলঙ্কারও। কারণ দ্বিপক্ষীয় সর্বশেষ তিনটি সিরিজেই হেরেছে লঙ্কানরা। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে সফরকারী হিসেবে এবং অস্ট্রেলিয়ার কাছে দেশের মাটিতে সিরিজ হারে লঙ্কানরা।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশিষ রয়, সানজামুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী ও নুরুল হাসান সোহান।

শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকবেলা, ধনানঞ্জয়া ডি সিলভা, কুশাল মেন্ডিস, আসিলা গুনারত্নে, দিনেশ চান্ডিমাল (উইকেরক্ষক), দানুস্কা গুনাথিলাকা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, ভিকুম সঞ্জয়, থিসারা পেরেরা, শচিত পাথিরানা, সেক্কুজে প্রসন্ন ও লক্ষন সান্দাকান।

patheo24/mr

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *