পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর পশ্চিমপাড়া এলাকায় পাগলা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় মো. উজ্জল মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
এ ঘটনায় এক বৃদ্ধা ও শিশুসহ দুজন নিখোঁজ রয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জল উপজেলার মির্জাচর গ্রামের আক্তার মিয়ার ছেলে।
নিখোঁজ দুজন হলেন, ওই গ্রামের বাসিন্দা হোসেন আলীর স্ত্রী কমলা বেগম (৫০) ও সানজিদা (৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মোস্তফা জানান, নৌকাডুবির ঘটনায় নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানান তিনি।
স্থানীয় সূত্র জানায়, রবিবার সন্ধ্যায় উপজেলার চরমধুয়া ইউনিয়নের সমীবাগ ঘাট থেকে ৭ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা মির্জাচর গ্রামের দিকে রওনা দেয়। পরে নৌকাটি ঝড়ের কবলে পড়ে মির্জাচর পশ্চিমপাড়া এলাকায় পাগলা নদীতে ডুবে যায়। তখন বাকি যাত্রীরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও উজ্জল, বৃদ্ধা কমলা ও শিশু সানজিদা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা উজ্জলের ভেসে উঠা লাশ নদী থেকে উদ্ধার করেন। এ ঘটনায় নিখোঁজ আছেন ওই বৃদ্ধা ও শিশু।


