ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বেড়েছে তাপমাত্রা

ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বেড়েছে তাপমাত্রা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দুদিন পর দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে গরম বেড়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ, রয়েছে ভ্যাপসা গরমের অস্বস্তি।

শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শুধুমাত্র সিলেটে বৃষ্টি হয়েছে। সে সময় বৃষ্টির পরিমাণ ছিলো ১১ মিলিমিটার। যদিও এ সময় ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা ছিল। রোববার সকাল থেকেও ঢাকার আকাশে মেষ দেখা গিয়েছে। আর মেঘের কারণে রোদের দেখা মিলেছে কম।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। নাজমুল হক বলেন, রাজশাহী, পাবনা ও যশোর অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টার (৩ দিন) আবহাওয়ার অবস্থা তুলে ধরে তিনি বলেন, এ সময়ের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *