পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুমিল্লায় ঈদুল আজহাকে ঘিরে উঠতি যুবসমাজ ঈদ আনন্দে ট্রাক ও পিকআপে করে লাউডস্পিকারে গান বাজালেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউপি চেয়ারম্যান জাকির হোসেন।
শনিবার (৯ জুলাই) জেলার বরুড়া উপজেলার ১২ নম্বর আড্ডা ইউনিয়ন পরিষদের প্যাডে ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বাদল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ঈদুল ফিতরের সময় ইউনিয়নে উঠতি যুবসমাজকে পিকআপে, ট্রাকে করে লাউডস্পিকারে উচ্চস্বরে অশ্লীল গান বাজিয়ে আনন্দ-উল্লাস করতে দেখা গেছে। যা দেশের আইনের পরিপন্থী ও সড়ক দূর্ঘটনার কারণ।
এবারের ঈদুল আজহা উপলক্ষে এমন আয়োজন করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেয়া পাশাপাশি বিজ্ঞপ্তিতে মা-বাবাকে সন্তানের এহেন কর্মকাণ্ডের প্রতি লক্ষ রাখতেও অনুরোধ করা হয়।
আড্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন বাদল গণমাধ্যমে বলেন, ইউনিয়নের মানুষের অভিযোগের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাউডস্পিকারে ডিজে গান বাজালে মানুষ বিরক্ত হয়। পরিবেশ নষ্ট হয়, এমন কিছু থেকে সবার বিরত থাকা উচিত।


