পাথেয় টোয়েন্টিফোর ডটকম: দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ২৪ দিনে ডেঙ্গুতে ২৯৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছে ৫৫ হাজার ৫০৬ জন। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৮৫২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময়ের মধ্যে ঢাকায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ৪২৭ জনের। ঢাকার বাইরে শনাক্ত হয়েছে ১ হাজার ৪২৫ জনের। আর গত ২৪ ঘণ্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮৮৩ জন। এর মধ্যে ঢাকার ৪১৩ এবং ঢাকার বাইরে ১ হাজার ৪৭০ জন।
নতুন শনাক্তসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৯১২ জনে। এর মধ্যে ঢাকায় ৯৬ হাজার ৪১১ এবং ঢাকার বাইরে ১ লাখ ৬২ হাজার ৫০১ জন। এখন পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২ লাখ ৫০ হাজার ৮২ জন। আর হাসপাতালে ভর্তি আছে ৭ হাজার ৫৪৬ জন।
সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭৯ হাজার ৫৯৮ জন। আর এ সময় ৩৯৬ জনের মৃত্যু হয়েছে। আগস্টে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭১ হাজার ৯৭৬ জন। আর মৃত্যু ৩৪২ জনের। আর জুলাই মাসে আক্রান্ত হয় ৪৩ হাজার ৮৫৪ জন। এ মাসে ২০৪ জনের মৃত্যু হয়।


