তাড়াইলে ইয়াবাব্যবসায়ী মুক্তার আটক
পাথেয় রিপোর্ট (কিশোরগঞ্জ) : ফখরুল আলম মুক্তার নামে এক যুবককে আটক করেছে র্যাব। তিনি কিশোরগঞ্জের তাড়াইলে ইয়াবা যুবকও হিসিবেও প্রসিদ্ধ। দীর্ঘদিন যাবৎ এই ইয়াবা ব্যবসায়ী ফখরুল আলম মুক্তার গোপনে এই ব্যবসা চালিয়ে আসছিল। পুরো তাড়াইলেই ছড়িয়ে আছে তার ইয়াবা ব্যবসা।
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় প্রায় পাঁচশ পিস ইয়াবাসহ মো. ফখরুল আলম মুক্তার (৩২) গ্রেফতার হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে। তাদের দাবি, মুক্তার একজন চিহ্নিত মাদকব্যবসায়ী।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার তালজাঙ্গা এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। মুক্তার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক ভূঞা মোতাহারের ছেলে বলেও র্যাব দাবি করেছে।
অভিযানের নেতৃত্বে থাকা র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বি এন এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তালজাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে র্যাবের একটি দল ৪৭০ পিস ইয়াবাসহ ফখরুলকে আটক করে। কিশোরগঞ্জকে মাদকমুক্ত করার নিরলস ও ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে র্যাব ওই অভিযান পরিচালনা করে।
আটক ফখরুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে র্যাব। এ ঘটনায় ফখরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে তাড়াইল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান র্যাব কর্মকর্তা।


