পাথেয় টোয়েন্টিফোর ডটকম : লোকসভায় নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার তিন তালাক বিল পাস করে ইসলামী শরিয়ত ও মুসলমানদের পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করেছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী।
তিনি বলেন, এ বিল মুসলিম নারীদের প্রতি ন্যায়বিচার নয় বরং অবিচার। বিবাহ বিচ্ছেদের মধ্যস্থতার এ আইনটি করার মাধ্যমে মুসলমানদের শরিয়াহ ও পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করছে মোদি সরকার।
২৫ জুলাই শুক্রবার সংখ্যাগরিষ্ঠতার জোরে লোকসভায় তিন তালাক বিল পাস হওয়ার পর বুধবার (৩১ জুলাই) ভারতীয় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি বলেন, এ তিন তালাক বিল আইনের আওতায় এমনও হতে পারে, মুসলিম নারীদের স্থায়ীভাবে বিবাহ স্থগিত করা হবে। তাদের পুনরায় বিবাহ ও নতুন জীবন শুরু করার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। এভাবে ইসলাম যে উদ্দেশ্যে তালাকের বিধান করেছে তার কোনো কিছু অবশিষ্ট থাকবে না।
নারীদের অধিকার আদায়ের নামে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত করা হচ্ছে উল্লেখ করে মাওলানা মাহমুদ মাদানী বলেন, এ আইনটি মুসলিম জনগোষ্ঠীর জন্য করলেও মুসলিমদের কোনো প্রতিনিধি বা শরিয়াহ বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শও করা হয়নি। সরকারের একগুঁয়েমী মনোভাব থেকে এ বিলটি জোর করে করা হয়েছে। যা গণতন্ত্র পরিচালিত কোনো দেশের জন্য খুবই লজ্জাজনক।
আরও পড়ুন— শরিয়তের উপর হস্তক্ষেপ করেছে মোদি সরকার : দেওবন্দ মুহতামিম
তিনি বলেন, আমরা বিশ্বাস করি এ আইনের বিপক্ষেই অবস্থান নিবে মুসলিম নারীরা। এ আইনের উদ্দেশ্য তো এটাই মনে হচ্ছে, নারীদের অধিকার আদায়ের নামে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত করা।
ভারতের সংবিধানে প্রদত্ত অধিকারের ধারাগুলোতে আদালত বা সংসদের মুসলমানদের ধর্মীয় ও পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই বলেও জানান তিনি।
এ প্রসঙ্গে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নুমানী বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ইসলামী শরিয়তের উপর হস্তক্ষেপ করেছে।
দারুল উলূম দেওবন্দের মুহতামিম এ বিলের উপর প্রশ্ন রেখে বলেন, মোদি সরকার তিন তালাক বিলকে পাশ করে মুসলিম পার্সোনাল ল’বোর্ডের অধিকার হরণ করেছে। তিনি বলেন, তিন তালাক বিল মোদি সরকারের সরাসরি শরিয়তের উপর হস্তক্ষেপ। দেশের আইনে সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতার কথা আছে। কিন্তু কেন্দ্রীয় বিজেপী সরকার মুসলিম পার্সোনাল ল’বোর্ডের উপর বারবার আক্রমণ করে যাচ্ছে।
পাশকৃত তিন তালাক বিলের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে মুফতি আবুল কাসেম নুমানী বলেন, কেন্দ্রীয় সরকার মুসলমানদের ধর্মীয় ব্যাপারে এভাবে হস্তক্ষেপ না করে ভারতের উলামায়ে কোরামের সঙ্গে আলোচনার মাধ্যমে এ বিষয়ে মীমাংসা করতে পারতো।
প্রসঙ্গত, রাজ্যসভাতেও বিতর্কিত তিন তালাক বিল পাস করাতে সফল হয়েছে বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদির সরকার। মঙ্গলবার ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বিলটি উঠলে পক্ষে ৯৯ জন এবং বিপক্ষে ৮৪ জন সাংসদ ভোট দেন।
গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : আসরে হাজির, বাসিরাত, জমিয়তে উলামা হিন্দ কেন্দ্রীয় অফিস


