পাথেয় রিপোর্ট : ডেঙ্গু ও গুজব সম্পর্কে দেশবাসীকে সচেতন করতে শুক্রবার জুম্মার খুতবায় খতিব ও ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
বুধবার (৩১ জুলাই) রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধর্ম প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।
সকল স্তরের জনসাধারণের ডেঙ্গু ও গুজব সম্পর্কে ব্যাপক সচেতনতা তৈরির পাশাপাশি সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে কথা বলেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
এদিকে রাজধানীসহ সারাদেশে ছড়িয়ে পড়েছে অ্যাডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর। দেশের ৬৪টি জেলার মধ্যে ৬০টিতেই ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৩৩৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন ৯৭৪ জন। নতুনদের নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৬৯ জন, যার মধ্যে আট জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে বলা হয়েছে।
তবে অনুসন্ধানে জানা গেছে, এ বছর ডেঙ্গুতে ৫০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রীসহ ৬ জন মারা গেছেন। সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছে সরকার। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঢাকা না ছাড়ার আহ্বান জানানো হয়েছে।


