তিন সপ্তাহ সময় বেঁধে দেয়া হলো ইভ্যালিকে

তিন সপ্তাহ সময় বেঁধে দেয়া হলো ইভ্যালিকে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গ্রাহকদের পাওনা টাকা পরিশোধ করতে এবং বাণিজ্য মন্ত্রণালয়কে ব্যবসার সার্বিক তথ্য সরবরাহের জন্য অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালিকে তিন সপ্তাহ সময় দেয়া হয়েছে।

বুধবার (১১ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাশেষে, হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, গ্রাহকের কাছে মোট কত দায় রয়েছে, গ্রাহকের কাছ থেকে নেওয়া অর্থের বিনিময়ে কত পণ্য দেওয়ার কথা, এসব পণ্য সরবরাহে প্রতিষ্ঠানের পরিকল্পনা কী রয়েছে ইত্যাদি এ সময়ের মধ্যে জানাতে হবে বাণিজ্য মন্ত্রণালয়কে। এছাড়া, ব্যবসায়ী পর্যায়ে কত টাকার দেনা-পাওনা রয়েছে তাও জানাতে হবে। এসব ব্যাখ্যা দিতে কত সময় লাগবে, সেটি বিবেচনায় নিয়েই তিন সপ্তাহের সময় দেওয়া হয়েছে বলে জানান হাফিজুর রহমান।

জানা গেছে, গত ১ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে ছয় মাস সময় চেয়ে ইভ্যালি জানিয়েছে, তৃতীয় কোনো নিরপেক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে ইভ্যালির আর্থিক দিক অডিট করানো হবে। এ কারণে মন্ত্রণালয়ের চাওয়া সার্বিক তথ্য জমা দিতে ছয় মাস সময় লাগবে।

এছাড়া এ সময়ের মধ্যে প্রতিশ্রুত পণ্যের সরবরাহ করার পাশাপাশি প্রতি ১৫ দিন পর পর সরবরাহের অগ্রগতি সংক্রান্ত তথ্য বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা জানানো হয়।

ইভ্যালির বিরুদ্ধে ক্রেতার কাছ থেকে আগাম টাকা নিয়ে সময়মতো পণ্য সরবরাহ না করা এবং মার্চেন্টদের পাওনা পরিশোধ না করার অভিযোগ ওঠে।

কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে দেখা গেছে, গত ১৪ মার্চ পর্যন্ত ক্রেতাদের থেকে ২১৪ কোটি এবং মার্চেন্টদের কাছে ১৯০ কোটি টাকা দায় রয়েছে। ওই সময়ে ইভ্যালির কাছে সম্পদ ছিল প্রায় ৯২ কোটি টাকা, যার মধ্যে ৬৫ কোটি টাকা চলতি মূলধন।

প্রতিষ্ঠানটির আর্থিক পরিস্থিতির এ চিত্র উঠে আসার পর বাণিজ্য মন্ত্রণালয় ক্রেতা ও মার্চেন্টদের সুরক্ষার কথা বিবেচনা করে ইভ্যালির কাছে গ্রাহকের বকেয়া পাওনার তথ্য এবং ভবিষ্যতে কীভাবে এসব দেনা পরিশোধ করা হবে তার পরিকল্পনা জানতে চায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *