নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, প্রধানমন্ত্রীর আগ্রহে গত ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) মেয়েদের লেখাপড়ার সুযোগ দেয়া হয়েছে। দক্ষতা, জ্ঞান ও প্রযুক্তির মাধ্যমেই সক্ষমতা অর্জন করা সম্ভব। এ লক্ষ্যেই আইইউটি তার অবদান রেখে যাচ্ছে এবং শিক্ষার্থীদের মধ্যে তা বিতরণে কাজ করছে। পাশাপশি মেয়েদের থাকার ব্যবস্থা করার জন্য সরকার টাকা বরাদ্দ দিয়েছে। বিশ্ববিদ্যালয়টি শুধু মুসলিম বিশ্ব নয়, আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি বয়ে নিয়ে আসবে। তিনি বুধবার সকালে গাজীপুরের বোর্ডবাজারে ওআইসির অঙ্গ প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর ৩১তম সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন। সমাবর্তন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নুর।
অনুষ্ঠানে ওআইসির মহাসচিব ও আইইউটির আচার্য ড. ইউসুফ বিন আহমেদ আল-ওথাইমিনের বাণী পাঠ করেন আইইউটির টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল অ্যাডুকেশন বিভাগের প্রধান অধ্যাপক চি কুম ক্লেমেন।
এছাড়াও বক্তব্য দেন- আইইউটির গভর্নিং বডির চেয়ারম্যান ড. মোহাম্মাদ সাঈদ আলালাম আলজাহ্রানী এবং ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন অধ্যাপক এনায়েত উল্লাহ পাটোয়ারী। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য নাইজেরিয়ার শিক্ষার্থী ইব্রাহিম আদামুকে ওআইসি পদক এবং বাংলাদেশের ইরতিজা ইনাম কবির, আবির আহসান, ওমর সাদাব চৌধুরী ও সাব্বির আহমেদকে আইইউটি স্বর্ণপদক ও সনদ দেয়া হয়।


