নিজস্ব প্রতিবেদক : সারাদেশের সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন করতে আগামি তিন মাসের মধ্যে মহাসড়কটির সংস্কার ও উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। এজন্য বরিশাল-ফরিদপুর-ঢাকা জাতীয় মহাসড়কের বরিশাল-ভূরঘাটা ও বরিশাল-লেবুখালী অংশে খানাখন্দে অধিক ঝুঁকিপূর্ণ ৬০ কিলোমিটার সড়কের সম্প্রসারণ ও উন্নয়নে ১২১ কোটি টাকার সংশোধিত প্রকল্প সড়ক ও সেতু মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে।
বরিশাল সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল আলম জানান, সংশোধিত প্রকল্পটি অনুমোদনের ফলে মহাসড়কটি ২৪ ফুটে সম্প্রসারণসহ পুরো অংশে কার্পেটিংয়ের কাজ শুরু করা সম্ভব হবে। তিনি আরও জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গেনতুন করে চুক্তি সম্পাদন করে আগামি ১৫ নভেম্বরের মধ্যে সংস্কার কাজ শুরু করা হবে।
সূত্রমতে, চলতি বছর নজিরবিহীন প্রবল বর্ষণে মহাসড়কটির বেশিরভাগ অংশের অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছে। ফলে সম্প্রসারণ ও সংস্কার কাজে বেশ কিছু পরিবর্তন আনে বরিশাল সড়ক বিভাগসহ ঊর্ধ্বতন প্রকৌশলীগণ। সড়কটির সম্প্রসারণ কার্যক্রমসহ কার্পেটিং কাজের নকশা পরিবর্তন করা হয়েছে। এতে করে সড়কটির বেশি ক্ষতিগ্রস্ত অংশের পুরত্ব বৃদ্ধি করা ছাড়াও ম্যাকাডমসহ বিভিন্ন সংস্কার কার্যক্রমে কিছু পরিবর্তন আনা হয়েছে। মহাসড়কটির প্রকল্প ব্যয় ১০৪ কোটি থেকে ১২১ কোটিতে উন্নীত হয়েছে। মন্ত্রণালয় তাদের দায়িত্ব পরিধির মধ্যে এ ব্যয় বৃদ্ধির অনুমোদন প্রদান করেছে।
সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের শুরুতে ১০৪ কোটি টাকার দেশীয় তহবিলে দক্ষিণাঞ্চলের সঙ্গেসারাদেশের সড়ক যোগাযোগ রক্ষাকারী বরিশাল-ফরিদপুর-ঢাকা জাতীয় মহাসড়কের বরিশাল-ভূরঘাটা ও বরিশাল-লেবুখালী অংশের ৬০ কিলোমিটার সড়কের সম্প্রসারণ ও উন্নয়নে প্রকল্পের কাজ শুরু করা হয়। চারটি প্যাকেজে নির্মাণ প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়ার পরে কাজ শুরু হলেও মাঝ পথে এসে প্রবল বর্ষণে বরিশাল-ভূরঘাটা অংশের ৪৮ কিলোমিটার মহাসড়কের মধ্যে প্রায় ২০ কিলোমিটার অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। সংশ্লিষ্ট একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, আগামি তিন মাসের মধ্যে মহাসড়কটির সংস্কার ও উন্নয়ন কাজ সম্পন্ন করার পর সারাদেশের সঙ্গেদক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।


