দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে পাকিস্তানের সিরিজ জয়

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে পাকিস্তানের সিরিজ জয়

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে পাকিস্তানের সিরিজ জয়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :  ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে পাত্তাই দিল না পাকিস্তান ক্রিকেট দল। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর এবার টি-টোয়েন্টি সিরিজেও জিতল স্বাগতিক পাকিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচটি জিতে আশা জাগিয়েছিল সফরকারী দক্ষিণ আফ্রিকা। কিন্তু রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সিরিজের শেষ ম্যাচে তাদের উড়িয়ে দিয়ে সিরিজ নিজেদের করে নিল বাবর আজমের দল।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে ডেভিড মিলারের বিস্ফোরক ৮৫ রানের ইনিংস ভর করে ১৬৪ রান করে প্রোটিয়ারা। জবাবে সবার সম্মিলিত প্রচেষ্টায় ৬ উইকেট হারিয়ে ৮ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। রান তাড়ায় শেষদিকে চাপে পড়ে যাওয়া পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দেন হাসান আলী। ৭ বলে দুই ছক্কা ও এক চারে ২০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। বল হাতে এই পেসারের প্রাপ্তি ২৯ রানে ২ উইকেট।

রান তাড়া করতে নেমে পাকিস্তানকে জয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও হায়দার। উদ্বোধনী জুটিতে ৬.১ ওভারে আসে ৫১ রান। হায়দার আউট হন ১৩ বলে ১৫ রান করে, সিরিজসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা রিজওয়ান করেছেন ৩০ বলে ৪২ রান।

পরে অধিনায়ক বাবর আজম দায়িত্ব নেন মাঝে সব ঠিক রাখার। ইনিংসের ১৪তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে বাবর করেন ৩০ বলে ৪৪ রান। শেষদিকে দায়িত্ব নেন হাসান আলি ও মোহাম্মদ নওয়াজ। হাসান ৭ বলে ২০ ও নওয়াজ ১১ বলে ১৮ রান করে ম্যাচ জেতান।

এর আগে দক্ষিণ আফ্রিকার পক্ষে একাই লড়াই করেন ডেভিড মিলার। মাত্র ৪৬ রানে ৫ উইকেট হারানো দলটি ১৬৪ রান করার পুরো কৃতিত্ব কিলার মিলার খ্যাত এ ব্যাটসম্যানের। ছয় নম্বরে নেমে তিনি ৪৫ বলে ৫ চার ও ৭ ছয়ের মারে খেলেছেন ৮৫ রানের ইনিংস।

মিলারের ইনিংসের সুবাদেই দক্ষিণ আফ্রিকা পায় ৮ উইকেটে ১৬৪ রানের সংগ্রহ। যা জয়ের জন্য যথেষ্ঠ হয়নি। পাকিস্তানের পক্ষে বল হাতে অভিষিক্ত জাহিদ মাহমুদ ৩ এবং হাসান আলী ও মোহাম্মদ নওয়াজ নিয়েছেন ২টি করে উইকেট।
তিন ম্যাচে ১৯৭ রান করা রিজওয়ান জেতেন সিরিজ সেরার পুরস্কার।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬৪/৮ (মালান ২৭, হেনড্রিকস ২, স্মাটস ১, ফন বিলিয়োন ১৬, ক্লাসেন ০, মিলার ৮৫*, ফেলুকওয়ায়ো ০, প্রিটোরিয়াস ৯, ফোরটান ১০, সিপামলা ৮*; আফ্রিদি ৪-০-২৮-০, নওয়াজ ২-০-১৩-২, ফাহিম ৩-০-৩৮-০, হাসান ৪-০-২৯-২, জাহিদ ৪-০-৪০-৩, উসমান ৩-০-১২-১)।

পাকিস্তান : ১৮.৪ ওভারে ১৬৯/৬ (রিজওয়ান ৪২, হায়দার ১৫, বাবর ৪৪, তালাত ৫, আসিফ ৭, ফাহিম ১০, নওয়াজ ১৮*, হাসান ২০*; ফোরটান ৪-০-৩০-১, প্রিটোরিয়াস ৩-০-৩৩-১, স্মাটস ৩-০-২০-০, ফেলুকওয়ায়ো ২.৪-০-৩৭-০, সিপামলা ২-০-২৩-০, শামসি ৪-০-২৫-৪)। ফল : পাকিস্তান ৪ উইকেটে জয়ী, সিরিজ : তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয়ী পাকিস্তান, ম্যান অব দ্য ম্যাচ : মোহাম্মদ নওয়াজ, ম্যান অব দ্য সিরিজ : মোহাম্মদ রিজওয়ান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *