পাথেয় রিপোর্ট : সিলেটের ঐতিহ্যবাহী জামিআ ক্বাসিমুল উলূম দরগাহ মাদরাসার মুহতামিম মুফতী আবুল কালাম জাকারিয়া ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
সোমবার (১১ মার্চ) বিকেল ৫ টার দিকে হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেছেন বলে জানা যায়।
মাওলানা আবদুল্লাহ পাথেয় টোয়েন্টফোরকে জানান, জানান, মুফতী আবুল কালাম জাকারিয়া প্রতিদিনের ন্যায় আজও ছাত্রদের ক্লাশ করিয়েছেন। তাছাড়া আজ আসর নামাজের পর দরগাহ মাদরাসার শিক্ষকদের মিটিং ডেকেছিলেন। শিক্ষকদের সবাই এসে উপস্থিতও হয়েছেন মিটিংয়ের জন্য। কিন্তু আসরের আজানের কিছুক্ষণ পর তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করছেন বলে জানান সবাইকে। অবস্থা দেখে মনে হয়, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। সাথে সাথে তাঁকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়। এবং হাসপাতালে নেয়ার পথেই তিনি ইন্তেকাল করেছেন।
মুফতি আবুল কালাম যাকারিয়া দাওয়াতুল হক বাংলাদেশের সিলেট জেলার আমীর ছিলেন। তিনি দাওয়াতুল হকের আমির ও গুলশান আজাদ মসজিদের খতিব মাওলানা মাহমূদুল হাসান-এর অন্যতম খলিফা। সিলেটের খ্যাতিমান এ আলেম দীনের ইন্তেকালে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
মাওলানা আবদুল্লাহ পাথেয় টোয়েন্টফোরকে জানান, মুফতি আবুল কালাম জাকারিয়ার জন্ম সুনামগঞ্জ জেলায়। পড়ালেখা করেন দরগাহ মাদরাসায়। সিলেট শাহজালাল রহ. দরগাহ মসজিদ ও আম্ভরখানা জামে মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি খলিফায়ে মাদানি মাওলানা আব্দুল হক শায়খে গাজিনগরী রহ. এর জামাতা। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
জানা যায়, মুফতি আবুল কালাম জাকারিয়ার নামাজে জানাজা মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১১ টায় সিলেট আলিয়া মাদরাসার মাঠে অনুষ্ঠিত হবে।


