দরিদ্র দেশকে করোনার বড়ি তৈরির অনুমতি দেবে ফাইজার

দরিদ্র দেশকে করোনার বড়ি তৈরির অনুমতি দেবে ফাইজার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দরিদ্র দেশগুলোকে রয়ালিটি ছাড়াই করোনার ট্যাবলেট তৈরির অনুমতি দেবে যুক্তরাষ্ট্রের ওষুধ কম্পানি ফাইজার। মঙ্গলবার কম্পানিটি এ ঘোষণা দেয়। ট্যাবলেটটি ট্রায়ালে উত্তীর্ণ হয়ে নিয়ন্ত্রকদের অনুমোদন পাওয়ার পর এই অনুমতি দেওয়া হবে।

ফাইজারের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের প্যাক্সলোভিড নামের ট্যাবলেট তৈরির অনুমোদনের জন্য গ্লোবাল মেডিসিন পেটেন্ট পুলের (এমপিপি) সঙ্গে একটি চুক্তি হয়েছে। এতে জেনেরিক ওষুধ প্রস্তুতকারকরা কোনো রয়ালটি ছাড়াই ট্যাবলেটটি উত্পাদন করতে পারবে। এমপিপির সঙ্গে ফাইজারের এ চুক্তির ফলে বিশ্বের ৯৫টি নিম্ন ও মধ্যম আয়ের দেশে কম খরচে এই ট্যাবলেট পাওয়া যাবে। বিশ্বের মোট জনসংখ্যার ৫৩ শতাংশের বসবাস এসব দেশে।

জেনেভাভিত্তিক এমপিপি জাতিসংঘ সমর্থিত একটি আন্তর্জাতিক সংস্থা। সংস্থাটি নিম্ন ও মধ্যম আয়ের দেশের জন্য ওষুধের উন্নয়নে কাজ করে।

ফাইজারের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা বলেছেন, মুখে খাওয়ার ট্যাবলেটটি করোনাভাইরাস সংক্রমণের তীব্রতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র : এএফপি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *