দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ

দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাসের সরবরাহ বাড়াতে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন। আজ (১৩ সেপ্টেম্বর) সোমবার তিনি গণমাধ্যমকে বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মোহাম্মদ আসলাম উদ্দিন।

জানা যায়, এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, গত ১৯ জুলাই প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার উপস্থিতিতে দেশের গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাসের চাহিদা ও সরবরাহের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে আলোচনা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই ভার্চুয়াল সভায় বিদ্যুতের দৈনিক পিক-আওয়ারে সিএনজি স্টেশন বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।

চিঠিতে ওই বৈঠকের সিদ্ধান্তের আলোকে বিদ্যুতের দৈনিক পিক আওয়ার তথা বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখা এবং কমপক্ষে ৩টি দৈনিক পত্রিকায় এ বিষয়টি বিজ্ঞপ্তি আকারে প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পেট্রোবাংলার চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *